রাজশাহী শহরে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২০:২৮

রাজশাহী শহরে ড্রেনের পানিতে ডুবে সাত বছরের শিশু মো. জিহাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু জিহাদ বড়বনগ্রাম বাগানপাড়ার সুমন আলীর ছেলে।

ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার ওসি আকবর আলী।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ড্রেনের পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে জিহাদ। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শাহমখদুম থানার ওসি আকবর আলী বলেন, শিশুর মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

ইত্তেফাক/এপি