চার দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে সৌদি আরব। এর ফলে দেশগুলোর আরও বেশি নাগরিক পর্যটনসহ বিভিন্ন প্রয়োজনে সৌদি আরব ভ্রমণের সুযোগ পাবেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে চারটি দেশের নাম ঘোষণা করেছে। দেশগুলো হলো—মেক্সিকো, উত্তর মেসিডোনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সার্বিয়া।
নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এসব দেশের নাগরিকরা এখন সৌদি আরবের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ভিসার আওতায় বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ, ওমরাহ পালন, প্রদর্শনী ও সম্মেলনে যোগদান এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকবে।
সৌদির অফিশিয়াল ‘ভিজিট সৌদি’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এসব দেশের যোগ্য নাগরিকরা ই-ভিসা, নির্দিষ্ট শর্তে অন-অ্যারাইভাল ভিসা এবং ট্রানজিট ভিসার সুবিধা পাবেন।
প্রতিটি ভিসা ক্যাটাগরির জন্যই সুনির্দিষ্ট শর্তাবলী, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়মকানুন প্রযোজ্য হবে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের সুযোগ বৃদ্ধি করা এবং পর্যটন, ধর্মীয় সফর ও ব্যবসা সংক্রান্ত উদ্দেশ্যে দেশটিতে যাতায়াত আরও সহজ করার জন্য চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
