সাজেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২৩:৩২

খাগড়াছড়ির সাজেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানিয়ে মন্ত্রণালয়কে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৈঠকে কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞার সভাপতিত্বে আরও অংশ নেন কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী, মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরে তিন পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে বিশেষ বৈঠক ও এলাকা পরিদর্শনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া বৈঠকে পার্বত্য অঞ্চলের প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামের অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের মাঝে তা বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোতে শূন্য পদ পূরণ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও সাবেক অন্তর্বর্তী সরকারের আমলের যেকোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের বিবরণ পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, পার্বত্য এলাকায় ‘টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে’ কর্মরত পাড়াকর্মীদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের সম্মানী ও ভাতা সম্মানজনক হারে বাড়ানোর জোরালো সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

ইত্তেফাক/এএম