টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়লেন তাওহিদ হৃদয়

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৭:৪১

বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তাওহিদ হৃদয়। চতুর্থ বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করার পর মুশফিকুর রহিমের ২১৯ রানের ইনিংসকেও ছাড়িয়ে গেছেন তিনি।

জোমেল ওয়ারিক্যানকে চার মেরে মুশফিকের রেকর্ড ভাঙেন হৃদয়। শুরুতে সেঞ্চুরি করা এই ব্যাটার পরে দেড়শ পেরিয়ে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন। এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

হৃদয় ৩০৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। রেকর্ড গড়ার পথে তার ব্যাট থেকে আসে ১৯টি চার ও ৭টি ছক্কা। ইনিংসের শেষ দিকে তাইজুল ইসলাম ৫৬ বল এবং তাসকিন আহমেদ ২০টির বেশি বল খেলে তাকে সঙ্গ দেন।

চাপের মুখে দাঁড়িয়ে এই রেকর্ড গড়েন হৃদয়। আগের দিন তিন উইকেট হারানো বাংলাদেশ আজ প্রথম সেশনেই আরও চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে। লাঞ্চ বিরতির ঠিক আগে ১৭১ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়।

এর আগে মুশফিকুর রহিম ৩৪ রান করে আউট হওয়ার আগে হৃদয়ের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন। লিটন দাস দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। মেহেদী হাসান মিরাজ দুই অঙ্কের ঘরে পৌঁছালেও ১৬ রানের বেশি করতে পারেননি। ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সপ্তম ব্যাটার হিসেবে আউট হন হাসান মাহমুদ। এরপর তাইজুল ইসলাম আউট হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩০১ রান।

 

ইত্তেফাক/এসএ