বিজেপির বিরুদ্ধে গুন্ডামি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বুলডোজার চালাতে হলে তাদের ওপর দিয়েই চালাতে হবে। শনিবার (৭ নভেম্বর) দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে সংঘটিত সংঘর্ষের ঘটনায় সরাসরি বিজেপিকে দায়ী করে এই মন্তব্য করেন তিনি।
মমতার অভিযোগ, কালীপূজা ও দীপাবলির কয়েক ঘণ্টা আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনা ঘটে। এতে ধর্মীয় উৎসব পালনে বাধা সৃষ্টি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পরপর দুটি সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে।
মমতা আরও অভিযোগ করেন, এলাকায় দুর্গাপূজার একটি প্যান্ডেল অবৈধভাবে প্রধান সড়কের ওপর নির্মাণ করা হয়েছে। এতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজার যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। পুরোনো পূজার অনুমতি বাতিল করে নতুন পূজার আয়োজনের অনুমতি দেওয়ার জন্যও কর্তৃপক্ষের সমালোচনা করেন তিনি।
সংবাদ সংস্থা এএনআইকে মমতা বলেন, এটি আমাদের এলাকা। এই পথ দিয়ে মা কালীর অনেক শোভাযাত্রা যায়। আপনারা কেন এমন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজার অনুমতি বাতিল করেছেন, অথচ নতুন পূজার আয়োজনের অনুমতি দিচ্ছেন। গত রাতেও স্থানীয় ক্লাবগুলোকে কার্যক্রম চালাতে বাধা দিয়েছেন। আমরা ইন্ডিয়া জোটের অংশ, আর এ কারণেই তাদের এত ক্ষোভ।
বিজেপির বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘এখানে চরম গুন্ডামি চলছে। রাত ২টা বা ৩টার দিকে লোকজন এসে হাজির হচ্ছে। বুলডোজার চালানোর সাহস থাকলে আমাদের ওপর চালান। রাত ৩টায় গুন্ডাদের দল নিয়ে কালীপূজায় হামলা করতে আসছেন কেন? আমরা এখানে দলীয় কাজ করছি, আর আপনারা তা বাধাগ্রস্ত করতে আসছেন।’
