সারের সমস্যা সমাধান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য (এমপি) মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, আপনাদের জন্য ভালো খবর আছে। সারের সমস্যা সমাধান হয়ে গেছে। কৃষক কোথাও আর সারের সমস্যায় ভুগবে না। আগামী দুয়েক দিনের মধ্যে বাজারে গেলে বুঝতে পারবেন সারের আর কোনো সমস্যা নেই।
শনিবার (৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, ‘কোথাও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। সরাসরি আমাকে জানাবেন। সেটা আমি দেখব। ঠাকুরগাঁও জেলার জন্য ৪ হাজার টন টিএসপি অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এত সারের প্রয়োজন হবে না আশা করছি। সবাই ভালো থাকবেন।’
তিনি আরও বলেন, উন্নয়নের যে রাস্তায় আপনারা এসে গেছেন, এটা শুধু সূচনা মাত্র। আপনার জন্য কোনো কিছু তৈরি করাটা সহজ। কিন্তু ভবিষ্যত প্রজন্মের জন্য তৈরি করা কঠিন। সেজন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে। আগামী দুশো বছর পরের সুবিধাটা আপনি তৈরি করে দিতে পারবেন। এটা থাকতে হবে। না থাকলে গোছানো আধুনিক দেশ তৈরি করতে পারবেন না। সেই কাজ করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর।
সেনুয়া ইউনিয়ন পরিষদের দ্বিতল ভবনটির ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকা। কাজটি বাস্তবায়ন করবে এলজিইডি।
