মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৩

রাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পান তারা। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

বাসটিতে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শনিবার রাতে বাসে আগুন দেওয়ার ঘটনা এটি দ্বিতীয়। এর আগে রাত ১০টার দিকে ঢাকার মিরপুরে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ বলেছে, মিরপুরে বাইকে এসে দাঁড়িয়ে থাকা বাসের জানালা দিয়ে পেছনের অংশে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। তবে বাসের কর্মীদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। তবে বাসের পেছনের দিকের কয়েকটি আসন পুড়ে যায়।

 
ইত্তেফাক/এমএস