ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেন্ডা বাসস্ট্যান্ডের উপজেলা পরিষদের গেটের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় সড়কে একটি বিকট শব্দ শুনতে পাই। পরে সেখানে এসে শুনি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কার বিস্ফোরণ ঘটিয়েছে পথচারীরা কেউ বলতে পারেনি।
তবে রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের কাছে ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে চাইলেন তিনি বলেন, আমরা সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের একটি ককটেল বিস্ফোরণের খবর জানতে পেরেছি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনো জানা যায়নি।
