বলিউডে অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাতে চান রণবীর কাপুর। নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজও শুরু করেছেন তিনি। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তার। সম্প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে অভিনেতা বলেছেন, ‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক।’
‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সহশিল্পী সাই পল্লবীর সঙ্গে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রণবীর। সেখানে পরিচালনায় আগ্রহের কারণ এবং নিজের প্রথম সিনেমার সম্ভাব্য বিষয়বস্তু নিয়েও কথা বলেন তিনি।
রণবীরের ভাষ্য, কয়েক মাস আগে থেকেই প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তবে লেখালেখির অভিজ্ঞতা তাকে সৃজনশীল কাজের জটিলতা সম্পর্কে নতুন করে উপলব্ধি করিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সৃজনশীল কিছু তৈরি করা কতটা কঠিন, তা এখন বুঝতে পারছি। একই সঙ্গে লেখক ও পরিচালকদের প্রতি তার শ্রদ্ধাও আগের চেয়ে বেড়েছে।
পরিচালক হওয়ার আগ্রহের ব্যাখ্যায় রণবীর জানান, একটি গল্পকে পর্দায় তুলে ধরতে পরিচালককে অনেক মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হয়। গল্পের পরিকল্পনা থেকে শুরু করে সেটিকে বাস্তবে রূপ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার মধ্যে এক ধরনের সৃজনশীল আনন্দ রয়েছে। সেই অভিজ্ঞতা অর্জন করতেই পরিচালনায় আসতে চান তিনি।
প্রথম সিনেমার গল্প বা ধরন এখনো চূড়ান্ত করেননি এই অভিনেতা। তবে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং রাজকুমার হিরানির নির্মিত সিনেমাগুলোর প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। এসব কাজের আবহে অনুপ্রাণিত হয়ে আবেগঘন ও ইতিবাচক বার্তাসমৃদ্ধ একটি পারিবারিক গল্প নির্মাণের ইচ্ছা তার।
এদিকে অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পরিচালনার প্রস্তুতির জন্য সময় বের করার পরিকল্পনা রয়েছে রণবীরের। তিনি জানান, বছরে সাধারণত ১০০ থেকে ১২৫ দিন কাজ করেন। ফলে চিত্রনাট্য লেখা ও পরিচালনার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়ার সুযোগ রয়েছে। তবে নতুন দায়িত্ব নেওয়ার আগে চলমান সিনেমাগুলোর কাজ শেষ করতে চান তিনি। ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিম্যাল ২’ এবং ‘রামায়ণ: পার্ট টু’-এর কাজ শেষ করেই পরিচালনায় পুরোপুরি মনোযোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রথম সিনেমার শুটিং শুরু করতে চান তিনি।
পরিচালনায় আগ্রহের পেছনে রণবীরের পারিবারিক চলচ্চিত্র-ঐতিহ্যের প্রভাবও রয়েছে। তার বাবা প্রয়াত ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চালে’ সিনেমা পরিচালনা করেছিলেন। সে সময় কিশোর বয়সী রণবীর বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তী সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি।

বর্তমানে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। এতে সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। এ ছাড়া সামনে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’সহ আরও কয়েকটি সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।
