যুদ্ধ ও ভোট দুই ময়দানেই ট্রাম্পের পরাজয়, দাবি রেজায়ির

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:০৫

ইরানের কাছে হরমুজ প্রণালিতে সামরিক পরাজয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিকভাবে হেরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি। ট্রাম্পকে কটাক্ষ করে তিনি বলেছেন, যুদ্ধের ময়দান ও ভোটের মাঠ দুই জায়গাতেই পরাজয়ের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রোববার (৮ নভেম্বর) ওয়াইওনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেন রেজায়ি। তার ভাষ্য, হরমুজ প্রণালিতে ইরানের কাছে কৌশলগতভাবে পরাজিত হয়েছেন ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাজনৈতিক পরাজয়েরও মুখে পড়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের আট মাস পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর প্রভাব পড়ে মধ্যবর্তী নির্বাচনে। নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায় রিপাবলিকান পার্টি।

পরাজয়ের পেছনে যুদ্ধের প্রভাব থাকার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পও এ বক্তব্যের সঙ্গে অনেকাংশে একমত হয়েছেন।

এদিকে ইরানের ওপর চাপ আরও বাড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে প্রায় ২০ সদস্যের একটি দল গঠনের ঘোষণা দেয় সংস্থাটি। ফ্লোরিডার টাম্পাভিত্তিক এই দল ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, প্রযুক্তি এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের সরবরাহ বন্ধে কাজ করবে।

সেন্টকম জানিয়েছে, শনিবার ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের ঘটনায় দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। তবে এ দাবির স্বাধীন কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি। জাহাজ দুটির নাবিকদের সর্বশেষ অবস্থান সম্পর্কেও কিছু জানা যায়নি।

 
ইত্তেফাক/এবিএস