পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ চায় বাংলাদেশ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৯:০৯

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে প্রথাগত কূটনৈতিক তৎপরতা যথেষ্ট নয়। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যা একটি রাজনৈতিক সংকট। প্রচলিত কূটনৈতিক পথে সব সময় এ সমস্যার সমাধান হবে, এমনটা মনে করাও অবুঝের মতো হবে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গেও বাংলাদেশ যোগাযোগ রাখছে।

তিনি বলেন, ‘আমরা মিয়ানমার সরকারের সঙ্গেও কথা বলছি, আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ স্থাপন করছি। তাদের সঙ্গে আলোচনা চলছে। কারণ, আন্তর্জাতিক সম্প্রদায়ও বুঝতে পারছে, মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল।’

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে, পর্যাপ্ত তহবিলের অভাবে সংকট আরও জটিল হয়ে উঠছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে একসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি জানাতে হবে, যাতে মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষের ওপর চাপ সৃষ্টি করে একটি ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়।

সংকট সমাধানে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে। পাশাপাশি রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

ইত্তেফাক/এমএএম