চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা!

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২১:৩৪

বরিশালে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে। দাবিকৃত টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত বিএনপির নেতাসহ চারজনের নাম উল্লেখ করে রোববার (৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাবঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৪৮)। এর আগে গত শনিবার (৭ নভেম্বর) রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন—মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজিব হাওলাদার (২৫) ও মো. মুবিন মোল্লা (২২)। তাদের সবার বাড়ি মাধবপাশা ইউনিয়নে। এর মধ্যে প্রধান অভিযুক্ত মাহবুব মোল্লা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, রুস্তম হাওলাদার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠীর ২৬শ মিটার পিচ ঢালাই সড়কের নির্মাণকাজে সাবঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় যাওয়ার পথে অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দেন এবং কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ও তার সঙ্গে থাকা ছেলেকে অকথ্য ভাষায় গালাগাল, হুমকি ও মারধর করেন। একপর্যায়ে ঠিকাদারের ব্যবহৃত ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল জোরপূর্বক নিয়ে যান অভিযুক্তরা।

চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মাহবুব মোল্লা দাবি করেন, তিনি রুস্তমের কাছে টাকা পান এবং ওই সড়কের কাজের অংশীদার (পার্টনার) আছেন। পাওনা টাকা না দেওয়ায় তিনি মোটরসাইকেলটি এনে নিজের কাছে রেখেছেন। বিষয়টি জ্যেষ্ঠ নেতারা বসে মীমাংসা করে দেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএম