‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ এ বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদে প্রতিবেদন দেওয়ার প্রস্তুতির কথা জানালেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। এ পর্যন্ত কমিটি মোট ১০টি বৈঠক করলেও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রূপরেখা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিশেষ করে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে বহুমত রয়েছে। সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়েও কমিটি এখনো দ্বিধায়। কারণ, বাংলাদেশের মতো দেশে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ আদৌ প্রয়োজন রয়েছে কিনা, কিংবা এটা কতটা বাস্তবসম্মত, ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠেছে। কমিটির আমন্ত্রণে মতবিনিময়ে অংশ নিয়ে দেশের বিশিষ্ট নাগরিকদের কেউ কেউ এই প্রশ্ন তুলে বলেছেন- উচ্চকক্ষ গঠন করা হলে শুধু খরচ বাড়বে কি-না সেটিও ভেবে দেখা প্রয়োজন।
বিশেষ কমিটি ডিসেম্বরের মধ্যেই সংসদে প্রতিবেদন দেওয়ার আশা করলেও কার্যত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সংসদের উচ্চকক্ষের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় তা সম্ভব হচ্ছে না। অন্যদিকে, চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার বেলা সাড়ে ৩টায়। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। তবে, স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।
১৮ নভেম্বর অধিবেশন শেষ হলে এরপর সংসদ বসবে আগামী বছরের জানুয়ারিতে। যা হবে সংসদের শীতকালীন ও ইংরেজি নতুন বছর ২০২৭-এর প্রথম অধিবেশন। ঐ অধিবেশনে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি বিল আকারে সংসদে প্রতিবেদন দিতে পারে বলে জানা গেছে। যেহেতু বছরের প্রথম অধিবেশনটি দীর্ঘ হবে, তাই ঐ অধিবেশনেই আসতে পারে সংবিধানের ১৮তম সংশোধনী বিল।
অন্যদিকে, সরকারি দলের পক্ষ থেকে বিশেষ কমিটিতে পাঁচ জনের নাম দিতে বলা হলেও বিরোধীদল শুরু থেকেই তা প্রত্যাখ্যান করেছে। প্রধান বিরোধীদল জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কমিটিতে নাম দেবে না। কারণ, বিরোধীদল সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের পক্ষে। তবে, বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুরু থেকেই বলছেন, বিরোধীদল যখনই নাম দেবে তখনই তারা স্বাগত জানাবেন। এমনকি, বিশেষ কমিটিতে নাম না দিলেও সংসদে যখন সংবিধান সংশোধন বিল আসবে তখন বিরোধীদল তাতে আলোচনায় অংশ নেবে বলেও আশা সালাহউদ্দিন আহমদের। গতকাল কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বিরোধীদল ঐকমত্যে না এলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সংবিধান সংশোধন বিল পাশ হবে।
গত ২৭ সেপ্টেম্বর সংসদ ভবনে বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, কমিটি যাদের মতামত নিচ্ছে তাদেরকে প্রয়োজনে লিখিতভাবেও মতামত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মতামতগুলো সংকলিত করে পুস্তক আকারে বের করা হবে। আর বিশেষ কমিটি সংসদে যে প্রতিবেদন দেবে সেটি বিলের মতো করেই তৈরি করে দেবে। পরবর্তীতে আইন মন্ত্রণালয় সেখানে ভাষা ও শব্দগুলো ঠিকঠাক করে বিল আকারে সংসদে আনবে।
তত্ত্বাবধায়কের রূপরেখা ও প্রধান উপদেষ্টা বাছাই নিয়ে যে জটিলতা
বিশেষ কমিটির গত ২৮ অক্টোবরের বৈঠক শেষে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করতেই হবে। কোন প্রক্রিয়ায় গঠন করা হবে, এর রূপরেখা কী হবে, কীভাবে করা হলে এটা বিতর্কিত হবে না-এগুলো সবই কমিটি পরীক্ষা করবে। এরপর সংসদে বিল আসার পরেও এ বিষয়ে বিতর্ক হবে, অনেক পরামর্শ-প্রস্তাব আসতে পারে। তিনি বলেন, বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে এখন পর্যন্ত বিভিন্ন বৈঠকে অনেক রকমের পরামর্শ পেয়েছে। এগুলো সমন্বিত করে কমিটি বৈঠকে আলোচনা করবে। কমিটি এ বিষয়ে এখনো সিদ্ধান্তের পর্যায়ে আসতে পারেনি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা নেই। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। তবে, এই সরকার গঠনের পদ্ধতি কী হবে, কোন প্রক্রিয়ায় এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে—তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।
একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচন করার প্রস্তাবে জুলাই সনদে ঐকমত্য আছে। তবে, বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো কোনো জায়গায় রাজনৈতিক মতভিন্নতাও আছে। এমন পরিস্থিতিতে এখন বিশেষ কমিটি তত্ত্বাবধায়কের রূপরেখা কেমন হতে পারে, তা নিয়ে অংশীজনদের কাছ থেকে প্রস্তাব নিচ্ছে। ইতিমধ্যে একটি নতুন ধারণাও তারা পেয়েছে। যদি উচ্চকক্ষের স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়, তাহলে এই সরকার গঠনের যে উদ্দেশ্য, তা পূরণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, তিনি হবেন রাজনৈতিক ব্যক্তি। এতে নতুন করে জটিলতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিতে পারে।
জুলাই সনদে যা আছে
জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে একটি বিস্তারিত রূপরেখা দেওয়া হয়েছে। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন তা একটি সংসদীয় বাছাই কমিটির মাধ্যমে ঠিক করার কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিয়োগ পাওয়ার পর তিনি বাছাই কমিটির সঙ্গে পরামর্শক্রমে সর্বোচ্চ ১৫ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য বেছে নেবেন। ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীসহ জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া ৩০টি দল ও জোটের সবাই এ প্রস্তাবে একমত হয়েছিল। তবে, বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো কোনো জায়গায় মতভিন্নতা ছিল।
সনদের প্রস্তাবে বলা হয়েছে, সংসদের মেয়াদ শেষ হওয়া বা অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। সংসদের মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে এবং মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে হবে।
জুলাই সনদে বলা হয়েছে, বাছাই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধী দল থেকে) এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়ে কেউ কেউ এই প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রপতিকেও যুক্ত করার কথা বলেছেন।
কমিটি গঠিত হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল এবং জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্যদের কাছ থেকে প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তির নাম চাইবে। একটি দল ও একজন স্বতন্ত্র সংসদ সদস্য কেবল একজন ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন। রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ সচিবালয়ে তাদের প্রস্তাবিত নাম জমা দেবেন। কমিটি নিজ উদ্যোগেও নাম অনুসন্ধান করতে পারবে। জামায়াতে ইসলামী নিবন্ধিত রাজনৈতিক দলের বদলে শুধু রাজনৈতিক দল রাখার পক্ষে।
এরপর ৭২ ঘণ্টার মধ্যে কমিটির সদস্যরা সভায় মিলিত হয়ে নিজেদের অনুসন্ধানে প্রাপ্ত এবং রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে পাওয়া নামগুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন। ঐ ব্যক্তিকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।
১২০ ঘণ্টার মধ্যে এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসেবে কোনো ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা পদের জন্য সংসদের সরকারি দল বা জোট পাঁচ জন, প্রধান বিরোধী দল বা জোট পাঁচ জন এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল দুই জন ব্যক্তির নাম প্রস্তাব করবে। নামগুলো স্পিকার প্রকাশ করবেন। এর ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি দল বা জোটের প্রস্তাবিত তালিকা থেকে প্রধান বিরোধী দল বা জোট যে কোনো একজনকে বেছে নেবে। একইভাবে প্রধান বিরোধী দল প্রস্তাবিত তালিকা থেকে সরকারি দল যে কোনো একজনকে বেছে নেবে। এভাবে পাওয়া নামগুলোর মধ্য থেকে যে কোনো একজনের ব্যাপারে যদি প্রস্তাবকারী দলগুলোর মধ্যে ঐকমত্য হয়, তবে তিনিই প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হবেন; অথবা পাঁচ সদস্যের মধ্যে চার জন একমত হলে তিনি প্রধান উপদেষ্টা হবেন।
এ প্রক্রিয়ায় সম্ভব না হলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বিচার বিভাগের দুই জন প্রতিনিধি বাছাই কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হবেন। তবে তারা কারো নাম প্রস্তাব করতে পারবেন না। সাত সদস্যের কমিটি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে স্পিকারের তত্ত্বাবধানে র্যাংকড চয়েজ-পদ্ধতিতে প্রধান উপদেষ্টা হিসেবে এক জনকে বেছে নেবেন। তবে এ পদ্ধতি নিয়ে বিএনপির ভিন্নমত আছে। জুলাই সনদের প্রস্তাবের ক্ষেত্রে মূল রাজনৈতিক মতবিরোধটি এখানে।
জুলাই সনদে বলা হয়েছে, এভাবেও প্রধান উপদেষ্টা নিয়োগ সম্ভব না হলে ত্রয়োদশ সংশোধনী অনুসরণ করতে হবে। তবে, এক্ষেত্রে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া যাবে না। এ প্রস্তাব নিয়ে বিএনপি, জামায়াতসহ ২৮টি দল একমত ছিল।
সম্প্রতি বিশেষ কমিটিতে একটি নতুন ধারণা এসেছে। সেটি হলো সংসদের উচ্চকক্ষের মেয়াদ নিম্নকক্ষের চেয়ে বেশি হবে। উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া রাখা যায় কি না, সে আলোচনা এসেছে। এক্ষেত্রে যদি উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়, তাহলে উপরাষ্ট্রপতিকে উচ্চকক্ষের স্পিকারের দায়িত্ব দেওয়ার প্রস্তাব এসেছে। বিকল্প হিসেবে এসেছে সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে উচ্চকক্ষের স্পিকার নির্বাচিত হবেন। তাকেই প্রধান উপদেষ্টা করা এবং অন্য উপদেষ্টাদেরও সরকারি ও বিরোধী দলের সম্মতিতে উচ্চকক্ষ থেকে নিযুক্ত করা হবে।
উচ্চকক্ষ নিয়ে যে দ্বিধা
জুলাই জাতীয় সনদের ‘আইনসভা’ অংশে বলা হয়েছে, ‘সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে, বাংলাদেশে একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে, যা নিম্নকক্ষ (জাতীয় সংসদ) এবং উচ্চকক্ষ (সিনেট) সমন্বয়ে গঠিত হবে।’ বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল-জোট এতে একমত হয়ে সনদে সই করেছিল। তবে, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)সহ পাঁচটি রাজনৈতিক দল তখনই ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়ে বলেছিল, ‘বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতায় এ মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই।’
দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে ২৫টি দল-জোটের ঐকমত্য এবং পাঁচটি দলের ভিন্নমতের কারণে জুলাই সনদে ‘নোট’ হিসেবে বলা হয়েছে, ‘অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনি ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেইমতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।’
ক্ষমতাসীন বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং নির্বাচনি ইশতেহারেও দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রতিশ্রুতি রয়েছে। তবে, অংশীজনদের সঙ্গে ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’র মতবিনিময়ে বাংলাদেশের মতো দেশে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ আদৌ প্রয়োজন রয়েছে কি না, কিংবা এটা কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন উঠেছে।
উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠায় বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের মতো দেশে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ আদৌ প্রয়োজন রয়েছে কি না সেই প্রশ্ন উঠল। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ গঠনে আমরা (বিএনপি) জুলাই সনদে একমত হয়েছি। আমাদের নির্বাচনি ইশতেহারেও সেটি বলা হয়েছে। এখন যেহেতু প্রশ্ন উঠল, সেটা নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা যেতে পারে।’
জুলাই সনদে বলা হয়েছে, ‘নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষের ১০০ জন সদস্য নির্বাচিত হবেন।’ তবে, বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল-জোট এতে ভিন্নমত দিয়ে বলেছে, নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে নয়, প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবেন।
উচ্চকক্ষ গঠনের বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠায় বিশেষ কমিটির সভাপতি এ-ও বলেছেন, ‘একক রাষ্ট্রব্যবস্থার বাংলাদেশে দুই কক্ষের সংসদ আদৌ প্রয়োজন আছে কিনা, এমন বক্তব্য এসেছে। এটি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন কেউ কেউ। জুলাই সনদে ঐকমত্য হয়েছিল দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে। বিশেষ কমিটি সেভাবেই এগোতে চায়। তারপরেও সংসদে সংবিধান সংশোধন বিল আসার পর রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রধানমন্ত্রীর প্রস্তাব গৃহীত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে
গতকাল কার্যউপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন এবার প্রতিদিন অধিবেশন বিকাল ৪টা ২০ মিনিটে শুরু হবে। বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের আগ পর্যন্ত ৩টি অধ্যাদেশ জারি করা হয়। আজ অধিবেশনের প্রথম বৈঠকে এগুলো উত্থাপন করা হবে। অধ্যাদেশগুলো হলো- পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯২টি এবং সিদ্ধান্ত প্রস্তাবে (বিধি-১৩১) ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন। প্রধানমন্ত্রী সংসদের সাউন্ড সিস্টেম বিষয়ে চলমান অগ্রগতির বিষয়ে জানতে চাইলে সংসদ সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া আজল বিকালে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে, যা অধিবেশন চলাকালীন (প্রায় ৬ মেগাওয়াট, অন্য সময় আরও কম) বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা প্রদান করেন।
কার্যউপদেষ্টা কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নেন। বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
