চতুর্থ দিন শেষে সিলেট টেস্টের চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত স্কোরবোর্ডে ৩১৫ রানের লিড জমা করেছে সফরকারীরা। পঞ্চম দিনে আর কত রান যোগ করে তারা ইনিংস ঘোষণা করে, সেটিই এখন দেখার বিষয়।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫। ফলে সিলেট টেস্ট জিততে হলে নতুন ইতিহাস গড়তে হবে স্বাগতিকদের। তবে উইকেটের যে অবস্থা, তাতে সাড়ে তিনশ রান তাড়া করাও সম্ভব বলে মনে করেন তাওহীদ হৃদয়। ম্যাচের লক্ষ্য নিয়ে এই ব্যাটার বলেন, 'এখন পর্যন্ত পিচ ভালো আছে। আশা করি, পঞ্চম দিনে ব্যাটিং কঠিন হবে না। মনে হচ্ছে সাড়ে তিনশ রান তাড়া করা যাবে।'
সিলেটের লাক্কাতুরায় ধ্বংসস্তুপে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছেন হৃদয়। যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। তবে ২৫০ রানের খুব কাছে গিয়েও সেই মাইলফলক স্পর্শ করতে না পারায় কোনো আক্ষেপ নেই এই ব্যাটারের। এ প্রসঙ্গে হৃদয় বলেন, '২৫০ না হওয়াতে কোনো আক্ষেপ নেই। এটা আমার রিজিকে ছিল। আমি চিন্তাও করিনি কাকে ছাড়িয়ে যাব।'
এখন পর্যন্ত নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস কোনটি, এমন প্রশ্নে হৃদয় বলেন, 'যদি বলতেই হয়, অনূর্ধ্ব-১৯ দলে টানা তিনটি সেঞ্চুরি করেছিলাম, সেটিই এখন পর্যন্ত আমার সেরা।' সিলেট টেস্টের আগে মিরপুরে দুই ইনিংসেই দৃষ্টিকটু শট খেলে আউট হয়েছিলেন হৃদয়। যা নিয়ে হয়েছিল সমালোচনা। তবে সিলেট টেস্টে দুর্দান্ত ইনিংস খেলার পর প্রশংসায় ভাসছেন এই ব্যাটার। বিষয়টি নিয়ে হৃদয় বলেন, 'সমালোচনা তো থাকবেই। যে কোনো পেশাতেই এটা হয়। ভালো করলে আপনারা আমাদের নিয়ে ইতিবাচক কথা বলেন, খারাপ করলেও বলবেন। এটাই স্বাভাবিক। সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে, যদি সঠিকভাবে চিন্তা করি।'
প্রথম ইনিংসে ব্যাট হাতে হৃদয়কে দারুণভাবে সঙ্গ দিয়েছেন তাসকিন ও তাইজুল। এই দুই সতীর্থের অবদানও আলাদাভাবে উল্লেখ করেছেন তিনি। হৃদয় বলেন, 'যেভাবে চাপ সামলেছে, দুই জনের কাছ থেকেই অসাধারণ এফোর্ট ছিল। দুই জনই আগে থেকে ভালো ব্যাটিং করে। টেস্টে অনেক সময় এমন পরিস্থিতি আসে, যখন রানের চাপ থাকে না। তারা পরিকল্পনা অনুযায়ী সেটি কাজে লাগিয়েছে।'
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং পরিকল্পনা নিয়েও কথা বলেছেন হৃদয়। তার মতে, শুরুটা ভালো করতে পারলে বড় লক্ষ্য তাড়া করা সম্ভব। এ প্রসঙ্গে তিনি বলেন, 'নির্ভর করবে আমরা কীভাবে শুরু করি। উইকেট এখনো ভালো আছে। গোল বলের খেলা। শুরুটা ভালো করতে পারলে মনে হয় তাড়া করা সম্ভব। কাল কী হবে, তা বলা যাচ্ছে না। আগে দেখতে হবে কত রানের লক্ষ্য দেয়। এরপর পরিকল্পনা করব।'
