আগের ম্যাচ জিতে পয়েন্টের হিসাবে বার্সেলোনাকে ছুঁয়েছিল রিয়াল মাদ্রিদ। এতে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে নামার আগে কিছুটা চাপে ছিল কাতালান জায়ান্টরা। শুরুতেই গোল খেয়ে বসে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনে অ্যাতলেতিকোকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। এতে রিয়ালকে ৩ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে লা লিগায় এককভাবে শীর্ষে থাকলো কাতালানরা।
রোববার (৮ নভেম্বর) রাতে মেট্রোপলিতানোতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। কর্নার থেকে মার্ক পুবিলের শট ক্রসবারে লেগে ফিরে আসে। বার্সেলোনার পেদ্রির নেওয়া শটও আটকে যায় পোস্টে।
তবে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় অ্যাতলেতিকো। আলভারেজের বাড়ানো বল থেকে খুব কাছ থেকে জালে পাঠান গিওলিয়ানো সিমিওনে। গোল হজমের পর বার্সেলোনা আক্রমণে মনোযোগী হলেও অ্যাতলেতিকোর দ্রুতগতির পাল্টা আক্রমণে বারবার বিপাকে পড়তে হচ্ছিল তাদের।
তবে প্রথমার্ধের শেষ দিকে পেদ্রির দারুণ পাস থেকে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ। এতে ১-১ এ সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও ভালোভাবে নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ইয়ামাল ও পেদ্রি একের পর এক আক্রমণ তৈরি করলেও অ্যাতলেতিকোর রক্ষণে শুরুতে ভাঙন ধরাতে পারছিল না তারা। উল্টো পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আলভারেজ।
শেষ পর্যন্ত ৬৬ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেরমিন। ইয়ামালের বাড়ানো নিখুঁত থ্রু-পাস ধরে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে আন্তর্জাতিক বিরতির আগে লা লিগার শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এবং অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থেকে বিরতিতে যাচ্ছে তারা।
