জামালপুরের মাদারগঞ্জে রাস্তা মেরামতের কাজে বাধা দিয়ে চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনকে মারধর এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির বহিষ্কৃত দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজনের বিরুদ্ধে।
রোববার (৮ নভেম্বর) সকালে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন নিজাম উদ্দিনের ভাই মো. লেমন মোল্লা। অভিযোগে আবু সাঈদ সুজনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, ভারী বর্ষণে চরপাকেরদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি কাঁচা রাস্তা ভেঙে গেলে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন সেটি মেরামতের কাজ শুরু করেন। এ সময় আবু সাঈদ সুজন কয়েকজন সহযোগী নিয়ে কাজে বাধা দেন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় তার ৭০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিজাম উদ্দিনের ভাই মো. লেমন মোল্লা বলেন, তার ভাইকে দেশি অস্ত্র দিয়ে মারধর করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারীরা তার কাছ থেকে ৭০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। আবু সাঈদের নেতৃত্বেই এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আবু সাঈদ সুজন। তিনি বলেন, রাস্তা দিয়ে যাওয়ার পথে তাকে ডেকে নিয়ে ব্যাপক মারধর করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনকে মারধর ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আবু সাঈদ সুজনের বিরুদ্ধে পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
