বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, তুরস্ক সফরকালে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।
এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। সামরিক ও অর্থনৈতিক খাতে বিনিয়োগ এবং ড্রোন কারখানা প্রতিষ্ঠার মতো বিষয়গুলোও সামরিক সহযোগিতার আওতাভুক্ত। এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হতে পারে।
তুর্কি কোম্পানির সঙ্গে বাংলাদেশের এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি কোনো দ্বিপাক্ষিক সফর ছিল না। বরং সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন সাধারণ ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ, অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো অতীতেও বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ যৌথ প্রচেষ্টার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জোরালোভাবে তুলে ধরেছে।
উল্লেখ্য, আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের স্বার্থ ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
