ঝালকাঠির নলছিটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য সিরাজ মোল্লাকে আটকের পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ঘটনার পর গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নলছিটি থানা পুলিশ বাদী হয়ে নলছিটি থানায় ৪০ জনকে এজাহারভুক্ত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় আরো ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা ও শহিদুল ইসলাম (২৮)।
এর আগে রোববার দুপুরে হামলা ও সংঘর্ষে নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে নলছিটি থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করা হয়। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের হেফাজতে নেওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। প্রায় শতাধিক হামলাকারী পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করেন। পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আটক ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। পরবর্তীতে সিরাজ এলাকা থেকে পালিয়ে যায়।
আকস্মিক এ ঘটনায় ফেরিঘাটসহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিকেলে সিরাজ মোল্লার বাড়িসহ দপদপিয়া ইউনিয়নের একাধিক বাড়িতে অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করে পুলিশ।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ছিনিয়ে নেয়া আসামিসহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে একাটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
