নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছে।
দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো ওই চিঠির একটি অনুলিপি পেয়েছে গণমাধ্যম। চিঠিতে সোমবার (৯ নভেম্বর) তারিখ উল্লেখ রয়েছে।
ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস চিঠিতে লিখেছেন, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে আবেদনটি জানাচ্ছেন।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর রয়েছে। এ পরিস্থিতিতে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি থেকে উদ্ভূত প্রযোজ্য বাধ্যবাধকতার ভিত্তিতে এ আবেদন করা হয়েছে। পাশাপাশি আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে জানাতে হাইকমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন আইনজীবী।
গত ৫ আগস্ট ২০২৪ সালে দেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর প্রথমবারের মতো সামনে এল।
এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে তার এই আবেদন এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, সোমবার সকালে ইমেইলে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের হাইকমিশন। এরপর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বিষয়টিকে শেখ হাসিনার ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে দেখছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক।”
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতোই ভারতে অথবা অন্য দেশে আত্মগোপনে রয়েছেন। অনেকে কারাগারেও আছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
