টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে ইস্তিরির ছ্যাঁকা দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৫১

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে ইস্তিরির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে টঙ্গী পূর্ব থানার পুলিশ তাকে আটক করে। পরে শিশুটির মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম রাব্বি হোসেন (২৫)। তিনি টঙ্গীর চেরাগআলী এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

শিক্ষার্থীর স্বজন ও মামলার এজাহার থেকে জানা গেছে, ওই শিক্ষার্থী মাদ্রাসায় দুষ্টুমি করছিল—এমন অভিযোগে ৪ নভেম্বর বিকেলে তার নিতম্বে ইস্তিরি দিয়ে ছ্যাঁকা দেন রাব্বি হোসেন। পরের দিন সন্ধ্যায় শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসায় যান তার মা। এ সময় মাকে নির্যাতনের বিষয়টি জানায় সে।

পরে গতকাল রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। এর ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম। তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইত্তেফাক/এনএ