ঋণের চাপে দেউলিয়ার পথে অনন্ত জলিল

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১৫:৫২

ব্যাংকঋণের বোঝায় সংকটে পড়েছে চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিলের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। ঋণ পরিশোধ করতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। এতে কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা চালু রাখতে অংশীদার কিংবা কারখানা পরিচালনার জন্য ভাড়াটিয়া—কাউকেই পাননি অনন্ত জলিল। এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

তৈরি পোশাকশিল্পে ছোট পরিসরে যাত্রা শুরু করে গত আড়াই দশকে একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন এম এ জলিল। এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক ব্যবসায়ীদের একজন হয়ে ওঠেন।

২০১০ সালে চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন তিনি। স্ত্রী বর্ষাকে নিয়ে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই ব্যবসায়ী। পরে স্ত্রী বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে গড়ে তোলেন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’ নামে আরেকটি প্রতিষ্ঠান।

তবে নানা সংকটের কারণে ধীরে ধীরে বন্ধ হতে থাকে তার একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। বিপুল অঙ্কের ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন অনন্ত জলিল। এতে অর্থায়নকারী ব্যাংকগুলোও বিপাকে পড়েছে।

ব্যাংকের আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক প্রত্যাখ্যাত হওয়ার অভিযোগে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল অনন্ত। তবে ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।

নোটিশে আরও বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। চেকে উল্লেখ করা টাকা পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধের সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা করা হবে।

এ ঘটনায় ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিধানের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকের পক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু জানান, ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ঋণ, দেনা ও বিপুল অঙ্কের টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় অর্থায়নকারী অন্যান্য ব্যাংকও উদ্বেগের মধ্যে রয়েছে। এসব ব্যাংকের বিনিয়োগ করা টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তবে কি দেউলিয়ার পথে অনন্ত জলিলের ব্যবসায়িক সাম্রাজ্য?

একসময় চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি তৈরি পোশাকশিল্পে বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত ছিলেন অনন্ত জলিল। তার প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি সরবরাহকারী, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং অর্থায়নকারী বিভিন্ন সংস্থার মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শত শত কোটি টাকার ঋণ পুনঃতফসিলের পরও শর্ত ভঙ্গ এবং বিপুল অঙ্কের টাকার চেক প্রত্যাখ্যাত হওয়ার পর তার প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অনন্ত জলিল ব্যাংকের পাওনা পরিশোধ করতে না পারলে প্রথমে চেক ডিজঅনার মামলা এবং পরে অর্থঋণ আদালতে মামলা করতে পারে ব্যাংক।

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ব্যবসা থেকে ঘুরে দাঁড়াতে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কিন্তু কোনো বিনিয়োগকারী বা অংশীদার খুঁজে পাননি। এমনকি একাধিক চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গে আলোচনা করেও আশানুরূপ সাড়া মেলেনি।

এরই মধ্যে গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এম এ জলিল অনন্ত বলেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।

চলচ্চিত্রে সময় দিতে গিয়েই কি তার ব্যবসায়িক সাম্রাজ্যে ধস নেমেছে- এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি অনন্ত জলিল। তিনি বলেন, করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধসহ নানা পরিস্থিতির কারণে তিনি এমন অবস্থায় এসে দাঁড়িয়েছেন।

সূত্র: এনটিভি

 
ইত্তেফাক/আরএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন