ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। একই সঙ্গে ওই প্রতিমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘চলমান সংসদে সব ফাঁস করে দেব।’
গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুংকার ছাড়েন। পরবর্তীতে এই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে মুফতি আমির হামজাকে বলতে শোনা যায়, প্রতিমন্ত্রী ইকবাল প্রশাসনকে ব্যবহার করে গত ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন। এ সময় তিনি আরও বলেন, সারা বাংলাদেশে যদি প্রতিমন্ত্রীর যাওয়ার অধিকার থাকে, তবে তারও যাওয়ার অধিকার রয়েছে। তাই তাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেওয়া হবে না এবং তার সব অনিয়ম সংসদে ফাঁস করে দেওয়া হবে।
এদিকে মুফতি আমির হামজার এমন বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে সংশ্লিষ্ট মাহফিল আয়োজক কমিটি।
গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তেই গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে গত ২ নভেম্বর তা লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে মুফতি আমির হামজার ব্যক্তিগত সচিবকে (পিএস) জানিয়েও দেওয়া হয়।
আয়োজক কমিটি এবং স্থানীয় বিএনপি নেতাদের স্পষ্ট বক্তব্য, এই মাহফিল স্থগিতের ঘটনার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য বা বিএনপির বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসাবশত একটি বিশেষ মহলের ইন্ধনে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এই মিথ্যাচার ছড়ানো হয়েছে।
অন্যদিকে, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, মাহফিল বন্ধের পেছনে কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা বা প্রশাসনিক হস্তক্ষেপ ছিল না; আয়োজক কমিটি নিজেই তা স্থগিত করেছিল।
