জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায় মাকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। মৃত্যুর পর দ্রুত দাফন করা হয়েছিল সুফিয়া বেগমকে (৬২)। তবে দাফনের আগেই মরদেহের শরীরে আঘাত ও কালশিটে দাগ দেখে সন্দেহ হয় স্বজনদের।
চলতি বছরের ২৩ আগস্ট এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে নালিশি মামলা দায়ের করেন বোন লিলি বেগম (৪০)। প্রায় তিন মাস পর মৃত্যুর রহস্য উদঘাটন করতে সুফিয়া বেগমের মরদেহ সোমবার (৯ নভেম্বর) কবর খুঁড়ে উত্তোলন করে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য চরসালেপুর গ্রামের আমিন খারহাট এলাকার কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ কার্যক্রমের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন। এ সময় সিআইডির পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি দল এবং চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রিপনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মামলার এজাহার ও আদালতে দাখিল করা অভিযোগের বিবরণে দেখা যায়, জমিজমা বিক্রির টাকা নিয়ে মা সুফিয়া বেগম ও ছেলে সালাম ব্যাপারির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। মৃত সুফিয়ার স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে সালামকে নিয়ে বসবাস করতেন তিনি। তার বসতভিটা, ঘরবাড়ি ও মাঠে কিছু জমি ছিল। অভিযোগ, এসব সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য মাকে প্রায়ই চাপ দিতেন সালাম। রাজি না হওয়ায় তাঁকে মারধর ও নির্যাতন করা হতো। এমনকি জমির কাগজপত্র বুঝিয়ে না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিহতের বোন ও মামলার বাদী নিলিমা বেগমের অভিযোগ, গত ১৪ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬ সালের সকাল ৭টার মধ্যে যেকোনো একসময় সালাম, শেখ ইকবালসহ অজ্ঞাতনামা সহযোগীরা আমার বোন সুফিয়া বেগমকে হত্যা করেন। পরে ঘটনাটি আড়াল করতে দ্রুত মরদেহ দাফন করে তারা।
এজাহারে নিলিমা বেগম উল্লেখ করেন, ১৫ আগস্ট সকালে বোনের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের নিয়ে বাড়িতে যান তিনি। সেখানে সুফিয়া বেগমের মুখমণ্ডলে রক্তের দাগ, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বুক ও গলায় কালশিটে দাগ দেখতে পান। এসব চিহ্ন দেখে স্বাভাবিক মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয় স্বজনদের মধ্যে। তাঁদের দাবি, জমি বিক্রির টাকা আদায়ের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে সুফিয়া বেগমকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিলিমা বেগম বাদী হয়ে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে নালিশি মামলা করেন। মামলায় সালাম ও শেখ ইকবালকে প্রধান আসামি করা হয়েছে। তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা মামলায় হত্যার পাশাপাশি আলামত গোপনের অভিযোগও আনা হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পরে আদালতে পৃথক আবেদন করেন বাদী। ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারায় করা আবেদনে কবর থেকে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি, ময়নাতদন্ত এবং প্রয়োজনে ভিসেরা সংগ্রহ, রাসায়নিক ও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সোমবার মরদেহ উত্তোলন করা হয়। প্রায় তিন মাস আগে দাফন করা মরদেহ উত্তোলনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন জানান, আদালতে নির্দেশে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মরদেহ সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত, ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পরে এই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে।
