বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল লোক মহাসড়কের গাড়িদহ এলাকায় জড়ো হয়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভ্যানের ওপর থাকা একটি বস্তায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, মহাসড়কে থাকা ভ্যানে আগুন দেওয়ার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
