যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনার নতুন আশার সঞ্চার হওয়ায় এক লাফে তেলের দাম প্রায় ৬ শতাংশ কমেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) এএফপির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এএফপি জানিয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ দশমিক নয় শতাংশ কমে প্রতি ৯২ দশমিক ৫৭ ডলারে নেমে এসেছে এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুড ৪ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে হামলা চালানোর সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেওয়ার পর এই দরপতন ঘটে, যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর আশা জাগিয়েছে।
রয়টার্স বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জ্বালানির মূল্য হ্রাসের ফলে মার্কিন শেয়ারবাজার গত সপ্তাহের তীব্র ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে, যার মধ্যে এস অ্যান্ড পি পাঁচ শ সূচক দুই দশমিক তিন পাঁচ শতাংশ এবং প্রযুক্তিভিত্তিক নাসডাক দুই দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্লেটস্টোন ওয়েলথের প্রধান বাজার কৌশলবিদ কেন পোলকারি রয়টার্সকে বলেছেন, ‘তেলের দাম যদি কমে যায়, তবে তা অবশ্যই বাজারে নতুন গতি জোগাবে।’
এই চাঙ্গা ভাব ইউরোপীয় বাজারগুলোতেও ছড়িয়ে পড়েছিল, যেখানে লন্ডনের এফটিএসই এক শ সূচক এক শতাংশ, প্যারিসের সিএসি চল্লিশ এক দশমিক দুই শতাংশ এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: আল জাজিরা
