মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় ফের উত্তেজনা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৪

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ছুটিসহ কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই আশুলিয়া শিল্পাঞ্চলের সব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পুলিশ প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।

সংঘর্ষে আহত দুই শ্রমিক হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তাঁরা দুজনই স্টারলিং স্টাইল কারখানার শ্রমিক বলে জানা গেছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত দুই শ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তবে সংঘর্ষের সময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, ‘আমাদের এখানে দুজন পোশাকশ্রমিক রাবার বুলেটের আঘাত নিয়ে চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের মধ্যে রাফিয়া বেগম মাথায় আঘাত পাওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও শিল্প পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমএএম