বাগেরহাটে ‘জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগানে কলাবোঝাই পিকআপে আগুন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৬:২৬

বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পিকআপের চালক।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা দিয়ে চলাচলের সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

ক্ষতিগ্রস্ত পিকআপের চালক গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে করে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে পিকআপের কাছে নামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন জানান, মানিকতলা এলাকায় কলাবোঝাই পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ইত্তেফাক/এপি