আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৮:৪১

শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার মামলায় আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে অভিযোগের বিষয়ে জবাব দিতে গোলাপ হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর ঝিনাইগাতী থানার পুলিশ নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন নিজের দলীয় পদ-পদবির প্রভাব খাটিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী বলে নোটিশে উল্লেখ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে গোলাপ হোসেন বলেন, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনেননি কিংবা এ বিষয়ে কোনো তদবির করেননি। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের লিখিত ও স্পষ্ট জবাব দলের ঊর্ধ্বতন ফোরামে জমা দেবেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো আওয়ামী লীগ নেতা বা নাশকতার আসামিকে অবৈধ সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম নূর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেয়। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তবে ওই দিন একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল। পরে পরোয়ানায় উল্লেখিত নাম ও ঠিকানার সঙ্গে তাঁর নাম-ঠিকানার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ইত্তেফাক/এমএস