রাজধানীর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে বস্তিটির উন্নয়ন পরিকল্পনা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছে সংস্থাটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর এলজিইডি ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এডিবির প্রতিনিধিদল এ সম্মতি জানায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন খাতের পরিচালকসহ সংস্থাটির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় কড়াইল বস্তির সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এডিবির অর্থায়নে বর্তমানে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও গুণগত মান বজায় রেখে শেষ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘এডিবির সহায়তায় পরিচালিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’
তিনি এডিবির প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ মন্ত্রণালয় ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
