দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের নাশকতা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি লেখেন, আপনার আশপাশে ঘাপটি মেরে থাকা পতিত লীগ এবং তাদের দোসরদের ব্যাপারে সতর্ক অবস্থান নিন। তাদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। লীগের সাথে সম্পৃক্ত আপনার চেনা-জানা ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে সহানুভূতিশীল জনগোষ্ঠীর গতিবিধি লক্ষ্য রাখুন।
তিনি লেখেন, এদেরকে আর কোনো ছাড় নয়, বিন্দুমাত্র সুযোগ দেওয়া যাবে না। সহানুভূতি সুলভ দৃষ্টিভঙ্গির বিপরীতে আজকে ওরা আমাদের পুড়িয়ে মারতেছে। সন্ত্রাসীদের সাথে সভ্য-ভব্য, সহানুভূতির রাজনীতি যায় না। কুকুরের জন্য মুগুর ছাড়া বিকল্প আর কিছু নাই।
কাদের লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে রিচ করতে না পারলে অন্তত আমাদেরকে কো-অপারেট করেন। ক্যাম্পাস, রেজিস্ট্রার ভবন এবং হলগুলোতে ঘাপটি মেরে থাকা লীগ এবং তাদের দোসরদের তথ্য দিন। ওদের মনোবাসনা কোনোভাবেই বাস্তবায়ন করতে দেব না।
