রাজধানীর উত্তর শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসসংলগ্ন ঝিলপাড় থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে এসআরবি-৩।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এক পথচারীর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব ককটেল উদ্ধার করা হয়।
রাতে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, উত্তর শাহজাহানপুর বিএনপি পার্টি অফিসের পাশে ঝিলপাড় এলাকায় একটি পরিত্যক্ত বস্তার মধ্যে বোমাসদৃশ বস্তু দেখতে পান এক পথচারী। পরে তিনি বিষয়টি এসআরবিকে জানান। পরে এসআরবি-৩ এর একটি দল ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরে এলাকাটি ঘিরে সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের তত্ত্বাবধানে নিরাপদে ধ্বংস করা হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িচালক সোহেল গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গাড়িটিতে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে সিলভার রঙের প্রাইভেটকারটির সামনের কাচ পুরোপুরি ফেটে যায় এবং সেখানে বড় গর্তের সৃষ্টি হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো গ- ৩৭৯১৪০।
বিস্ফোরণের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজনেস ফ্যাকাল্টি ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
