উখিয়ার সেই কূপে ১৫ দিনেও নেভেনি আগুন, মজুত অনুসন্ধান করবে বাপেক্স

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২২:৩৫

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন ১৫ দিন ধরে জ্বলছে। দীর্ঘ সময় পার হলেও গ্যাসের প্রবাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। এ অবস্থায় প্রথমে অনিয়ন্ত্রিত গ্যাসপ্রবাহ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) ও জ্বালানি বিশেষজ্ঞদের দল। পরে সেখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে কি না, তা জানতে অনুসন্ধান চালানো হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পেট্রোলিয়াম ভূতাত্ত্বিক ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার ওহিদুল ইসলাম। তিনি জানান, গ্যাস নির্গমনের প্রথম দিনের তুলনায় বর্তমান প্রবাহের কোনো হেরফের হয়নি। শুরুতে ধারণা করা হয়েছিল, মাটির অগভীরে থাকা ছোট কোনো গ্যাসের পকেট থেকে এই প্রবাহ তৈরি হলে সময়ের সঙ্গে তা কমে আসবে। কিন্তু ১৫ দিন পর্যবেক্ষণের পরও প্রবাহ অপরিবর্তিত রয়েছে।

এ পরিস্থিতিতে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে কারিগরি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বিশেষজ্ঞরা। হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, ‘অনিয়ন্ত্রিত গ্যাসপ্রবাহ বন্ধ করাই এখন প্রথম কাজ। আরও অনুসন্ধান পরে করা হবে। একে এভাবে জ্বলতে দেওয়া যায় না।’

ঘটনাস্থলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে সেখানে গ্যাস জমা থাকার উপযোগী কাঠামো রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাওলাদার ওহিদুল ইসলামের ভাষ্য, ওই এলাকার শিলার গঠন বাংলাদেশের এমন কয়েকটি অঞ্চলের সঙ্গে মিল রয়েছে, যেখানে ইতিমধ্যে গ্যাসের মজুত আবিষ্কৃত হয়েছে।

তবে এই মিলের ভিত্তিতে সেখানে বাণিজ্যিক গ্যাসের মজুত রয়েছে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। ভূগর্ভে কী পরিমাণ গ্যাস রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব কি না, তা নির্ধারণে বিস্তারিত ভূতাত্ত্বিক জরিপ ও বিনিয়োগ প্রয়োজন হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী গ্রামের একটি বাড়ির আঙিনায় নলকূপ স্থাপনের কাজ চলার সময় মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে সেখানে আগুন জ্বলে ওঠে, যা ১৫ দিন পার হলেও এখনো অব্যাহত রয়েছে।

 
ইত্তেফাক/এসজেএস