তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে এ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’ আনুষ্ঠানিক উদ্বোধনের মাত্র একদিন আগে দুই রাষ্ট্রনায়কের মধ্যে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে কপ-৩১ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবারই সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
