এমটিবির ১৩৫ কোটি টাকার ঋণখেলাপি মামলা: সিটিসেলের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২৩:২৭

উচ্চপর্যায়ের ঋণখেলাপিদের বিরুদ্ধে চলমান কঠোর আইনি পদক্ষেপের অংশ হিসেবে বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর ‘সিটিসেল’-এর মূল পরিচালনাকারী প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (পিবিটিএল) শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) দায়ের করা অর্থজারি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে এমটিবি ২০১৮ সালের ৫ জুলাই পিবিটিএলের বিরুদ্ধে ঢাকার অর্থঋণ আদালতে মামলা দায়ের করে (মামলা নং ৫২১/২০১৮)। এই আইনি কার্যক্রমে পিবিটিএলসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়। বিবাদীদের তালিকায় বিদেশি ইক্যুইটি অংশীদার ও করপোরেট গ্যারান্টর হিসেবে সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, ফার ইস্ট টেলিকম লিমিটেড এবং প্যাসিফিক মোটরস লিমিটেড অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘ আট বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে ঢাকার অর্থঋণ আদালত নম্বর-০৭-এর বিচারক মো. ফরিদ উদ্দিন ২০২৬ সালের ১৩ মে এমটিবির পক্ষে পিবিটিএলের বিরুদ্ধে আনুষ্ঠানিক রায় ও ডিক্রি প্রদান করেন।

আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যে রায়ে উল্লিখিত পাওনা পরিশোধ করতে পিবিটিএল ব্যর্থ হলে ব্যাংকের পাওনা আদায়ের নিমিত্তে গত ২৭ জুলাই ডিক্রি অনুসারে ১৩৫ কোটি ৩২ লাখ টাকা আদায়ে অর্থজারি মামলা (নং ৮১০/২০২৬) করে এমটিবি। পরবর্তীতে প্রযোজ্য আইন ও খেলাপি ঋণ আদায়ের বিধিবিধানের আলোকে ব্যাংকটির আবেদনের প্রেক্ষিতে আদালত পিবিটিএলের শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪(১) ধারা অনুযায়ী দেওয়ানি আটকাদেশ কার্যকরে যেসব শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তাঁরা হলেন—পিবিটিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, পরিচালক নাসরিন খান, পরিচালক আসগর করিম এবং ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও জামিনদার মো. ফরিকুল হাসান।

অর্থঋণ আদালতের নির্দেশনা অনুযায়ী পরোয়ানাভুক্তদের দেওয়ানি আটকাদেশ কার্যকরের অংশ হিসেবে গত ২ নভেম্বর গুলশান থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানের অংশ হিসেবে পিবিটিএলের পরিচালক আসগর করিমের গুলশানের আবাসিক ঠিকানায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের চেষ্টা চালানো হয়। তবে বাড়ির কেয়ারটেকার পুলিশকে জানান যে তিনি ওই সময় বাসায় উপস্থিত ছিলেন না।

পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে যে আদালতের রায় বাস্তবায়নে আগামী ১৮ নভেম্বরের আগেই সংশ্লিষ্ট পরোয়ানাভুক্ত কর্মকর্তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান অভিযান জোরদার রাখা হয়েছে।

ইত্তেফাক/এনএন