জেল থেকে আবারও ইমরান খানকে নেওয়া হলো হাসপাতালে

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের জরুরি পরীক্ষা ও চিকিৎসার জন্য ফের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) নেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হাসপাতালের একজন কর্মকর্তা জানান, ১০ এবং ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে চোখের চিকিৎসা করা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইমরান খানকে চিকিৎসাসেবার জন্য ইসলামাবাদের পিমসে নিয়ে আসা হয়।

চিকিৎসা শুরুর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর চোখের পরীক্ষাসহ সার্বিক শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়।

হাসপাতালের ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘তার শারীরিক জীবনের সমস্ত সূচক স্বাভাবিক পাওয়া গেছে। তিনি ক্লিনিক্যালি স্থিতিশীল ছিলেন এবং তার সাধারণ শারীরিক পরীক্ষা স্বাভাবিক ছিল। সম্মতি নেওয়া এবং আদর্শ পর্যবেক্ষণ পদ্ধতি, সতর্কতা ও ক্লিনিকাল প্রোটোকল অনুসরণের পর চোখের বিশেষজ্ঞ দল একটি ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করেছে।’

তিনি আরও জানান, এই চিকিৎসা প্রক্রিয়ার ‘পূর্বে, চলাকালীন এবং পরে ইমরান খান সম্পূর্ণ স্থিতিশীল ছিলেন।’ প্রয়োজনীয় দিকনির্দেশনা ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

চোখের চিকিৎসার জন্য এর আগে গত জুনে সাবেক এই প্রধানমন্ত্রীকে শেষবারের মতো পিমস হাসপাতালে নেওয়া হয়েছিল।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী থাকা ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ঘটে চলেছে, যা নিয়ে তার দলের নেতাকর্মীরা বারবার উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন।

চলতি বছরের জানুয়ারির শেষের দিকে তার ডান চোখের ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অকলুশন’ রোগ ধরা পড়ে, যার পর থেকে তাকে একাধিকবার হাসপাতালে নেওয়া হয়।

গত ১৭ আগস্ট সুপ্রিম কোর্টে আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট স্বাস্থ্য প্রতিবেদন জমা দেওয়ার পরদিন ১৮ আগস্ট সর্বোচ্চ আদালত কারাবন্দী এই সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন।

জেলে জমা দেওয়া ওই প্রতিবেদনে জানানো হয়েছিল, ইমরান খান ও তার স্ত্রীকে যথাযথ স্বাস্থ্য সুবিধা দেওয়া হচ্ছে এবং তাদের সুস্থতা তাদের মূল অগ্রাধিকার।

তবে প্রতিবেদনের সঙ্গে যুক্ত তথ্যে বলা হয়, পিমসের চিকিৎসক ডক্টর আখতার আলী বান্দেশাহ গত ১ আগস্ট ইমরান খানকে পরীক্ষা করেন এবং অনিয়ন্ত্রিত রক্তচাপ, বুক ধড়ফড়, মাথাব্যথা ও অস্থিরতার কথা নথিভুক্ত করেন। সাবেক প্রধানমন্ত্রী তার পরিবারের সঙ্গে বিরল সাক্ষাৎ, সংবাদপত্র ও টিভি না থাকাকে তার এসব উপসর্গের কারণ হিসেবে তুলে ধরেন।

গত ১০ আগস্ট পিমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড ইমরান খানকে পরীক্ষা করে মাথা ভার ও বুক ধড়ফড় কমানোর জন্য কারাগারে প্রতিদিন এক ঘণ্টা হাঁটা, সংবাদপত্র, টিভি ও বই ব্যবহারের সুযোগ দেওয়ার পরামর্শ দেয়।

মেডিকেল বোর্ড তার উদ্বেগ ও রক্তচাপ নিয়ন্ত্রণে পরিবার ও স্ত্রীর সঙ্গে ঘন ঘন যোগাযোগের সুযোগ দেওয়ারও পরামর্শ দিয়েছিল।

আদালত তাকে শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেও সরকার তাকে পিমসে নিয়ে যায় এবং সেখান থেকেই ফের কারাগারে ফেরত পাঠায়।

সেসময় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার হাসপাতালের বাইরে পিটিআই কর্মীদের সৃষ্টি করা ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে পথ পরিবর্তনের অজুহাত দিয়েছিলেন। যদিও পিটিআই এই অভিযোগ অস্বীকার করে সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ তোলে।

সূত্র: ডন

ইত্তেফাক/টিএইচ