রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনীর এক অজ্ঞাতনামা সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানায়, ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের গ্লুচেস্টারের কাছ থেকে জাতীয় নিরাপত্তা আইন ২০২৩-এর দুটি ধারা লঙ্ঘনের সন্দেহে মঙ্গলবার আটক করা হয়, যার মধ্যে রয়েছে কোনো বিদেশী গোয়েন্দা সংস্থাকে সহায়তা করা এবং সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ করা।
লন্ডন পুলিশ জানিয়েছে, তাদের কাউন্টার টেররিজম বাহিনী এই গ্রেপ্তারে এফবিআই এবং মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।
যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশিংয়ের সিনিয়র ন্যাশনাল কোঅর্ডিনেটর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স বলেন, ‘এটি একটি তাৎপর্যপূর্ণ গ্রেপ্তার এবং তদন্ত। অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং আমাদের তদন্ত ব্যাপকভাবে চলমান রয়েছে।’
মার্কিন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ গ্রেপ্তার’ হিসেবে অভিহিত করেছেন যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সর্বোচ্চ উদ্বেগের বিষয়।
প্যাটেল আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি নেওয়া শপথ ভঙ্গকারী এবং যাদের পদক্ষেপ আমাদের ও আমাদের অংশীদারদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে, এফবিআই তাদের প্রতি কোনো সহনশীলতা দেখাবে না।’
ইউএস আর্মি কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল শন স্টিনচন বলেন, ‘এই ঘটনাটি আমাদের অংশীদারিত্বের শক্তি এবং কাউন্টারইন্টেলিজেন্স সম্প্রদায়ের দৃঢ় সংকল্পকে প্রদর্শন করে।’
পুলিশ জানিয়েছে, গ্লুচেস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে এবং আটক ব্যক্তি লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রয়েছেন।
মেট্রোপলিটন পুলিশ স্পষ্ট করেছে, এই গ্রেপ্তারের সঙ্গে সেপ্টেম্বরে গ্লুচেস্টারের কাছে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে ইরানের সঙ্গে সম্পর্কিত সন্দেহভাজন প্লটের কোনো সম্পর্ক নেই।
ঘাঁটিতে হুমকির পর মার্কিন বিমান বাহিনী সেখানে থাকা বোমারু বিমানগুলো সরিয়ে নিয়েছিল, যা মধ্যপ্রাচ্য সংঘাতের সময় ইরানে হামলায় ব্যবহৃত হয়েছিল।
সূত্র: আল জাজিরা
