১০ নভেম্বর পূর্বানুমতি ছাড়া ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৪:৩১

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পূর্বানুমতি ছাড়া মঙ্গলবার (১০ নভেম্বর) কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের নামের তালিকা আজ বিকেল ৪টার মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগের ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাদের তালিকা বুধবার বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, 'এরকম আনইউজুয়াল কেসে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতির শিক্ষকের সংখ্যা কী রকম, এই ডাটা আপাতত আমরা জানতে চাচ্ছি। দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ক্লাসে কতটুকু নিয়মিত এই তথ্য আমরা জানতে চাচ্ছি।'

তিনি উল্লেখ করেন, 'একজন শিক্ষকের সমস্যা থাকতে পারে, অন্য রেসপন্সিবিলিটি থাকতে পারে, কিন্তু সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ইনস্টিটিউটের ডিরেক্টররা বিষয়গুলো সম্পর্কে অবহিত কি না—এই তথ্যটা আগে আমাদের প্রয়োজন। সেজন্য আমরা ডাটা সংগ্রহ করছি।'

 

 

 

 

ইত্তেফাক/এনটিএম