নভেম্বরের সন্ধ্যা। বাতাসে শীতের আমেজ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তখন স্থপতি, স্থাপত্য পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলা। কারা পাচ্ছেন ডেল্টা অ্যাওয়ার্ড, কোন প্রকল্পগুলো পেয়েছে স্বীকৃতি—তা জানার আগ্রহের পাশাপাশি ছিল দেশীয় স্থাপত্যের উল্লেখযোগ্য কাজগুলো সম্পর্কে জানার, ভাবনার আদান-প্রদান এবং নিজেদের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করার প্রত্যাশা।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইসিসিবির হল-২-এ সন্ধ্যা ৭টায় আলোচনা পর্বের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন স্থপতি জালাল আহমেদ। দেশের স্থাপত্য অঙ্গনে সুপরিচিত এই স্থপতি আয়োজনটির অন্যতম উদ্যোক্তা। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার নিজস্ব প্রতিষ্ঠান জেএ আর্কিটেক্টসের পাশাপাশি স্থাপত্যবিষয়ক প্ল্যাটফর্ম আর্কিকানেক্ট-এর প্রতিষ্ঠাতাও তিনি। জালাল আহমেদের পর একে একে অন্য অতিথিরাও বক্তব্য দেন।
বক্তারা বলেন, বদ্বীপের ভূপ্রকৃতি ও মানুষের জীবনযাত্রা থেকে উঠে আসা স্থাপত্যের নিজস্ব ভাষা তৈরি করতে হলে প্রয়োজন স্থানীয় বাস্তবতাকে বোঝা, নতুন ভাবনাকে স্বাগত জানানো এবং ভালো কাজের চর্চাকে এগিয়ে নেওয়া। ডেল্টা অ্যাওয়ার্ডের মূল প্রত্যাশাও যেন সেখানেই—বাংলাদেশের স্থাপত্যকে তার নিজস্ব ভূগোল, সংস্কৃতি ও সম্ভাবনার আলোকে আরও সমৃদ্ধ করে তোলা। বাংলাদেশের স্থাপত্যচর্চা ক্রমেই বিস্তৃত হচ্ছে। নগরায়ণ, জলবায়ু পরিবর্তন, জনঘনত্ব, প্রযুক্তিগত উদ্ভাবন ও সামাজিক বাস্তবতার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে স্থাপত্যের কাজের ক্ষেত্রেও আসছে নতুন নতুন ভাবনা। এই পরিবর্তনের মধ্যে ভালো কাজগুলোকে চিহ্নিত করা, সেগুলোর পেছনের চিন্তাভাবনা তুলে ধরা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা জরুরি।
আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে নির্বাচিত প্রকল্প ও স্থপতিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও স্বীকৃতি। স্থপতি ড. নবনীতা ইসলাম এ অ্যাওয়ার্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচারকমণ্ডলীতে ছিলেন স্থপতি সাইফ উল হক, অধ্যাপক ড. ফিরদৌস আজিম, স্থপতি রফিক আজম, স্থপতি এহসান খান এবং সুইজারল্যান্ডের স্থপতি নিকোলাস গ্রাবার।
অনুষ্ঠানটির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় দেশের স্থাপত্যচর্চায় উল্লেখযোগ্য অবদান রাখা বিভিন্ন প্রকল্প, স্থপতি ও গবেষকদের। এর মূল দর্শন জুড়ে রয়েছে প্রবহমান বঙ্গীয় বদ্বীপের ভূপ্রকৃতি, জলবায়ু, সামাজিক বাস্তবতা, গতিশীলতা, ভৌগোলিক বৈচিত্র্য ও জীবনযাত্রা। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ ও ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় দেশে স্থাপত্যের ভূমিকা কেবল ভবন নির্মাণে সীমাবদ্ধ থাকতে পারে না। বন্যা, জলাবদ্ধতা, তাপমাত্রার পরিবর্তন, জনঘনত্ব, নগরায়ণ এবং সামাজিক বৈষম্যের মতো বাস্তবতার সঙ্গে স্থাপত্যকে প্রতিনিয়ত সংলাপে যুক্ত হতে হয়। ফলে নকশার নান্দনিকতার পাশাপাশি পরিবেশ, সমাজ ও মানুষের প্রয়োজনের প্রতি সংবেদনশীলতাও হয়ে ওঠে গুরুত্বপূর্ণ বিবেচনা। ডেল্টা অ্যাওয়ার্ডের বিভিন্ন বিভাগে প্রকল্প নির্বাচনের মধ্য দিয়ে সেই বিস্তৃত দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা গেছে।
ডেল্টা অ্যাওয়ার্ডের ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ বিভাগে বিজয়ী হয়েছে ‘কবিতা কুঞ্জ’ প্রকল্প, যা তৈরি করেছে জুবায়ের হাসান আর্কিটেক্টস। অপর বিজয়ী ‘রূপগাঁও’ প্রকল্পের জন্য পুরস্কার পেয়েছে পারসিভ। এছাড়া, ‘ইন্টেরিম হাউজ’ প্রকল্পের জন্য প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছে রুফলাইনার্স—স্টুডিও অব আর্কিটেকচার। অ্যাওয়ার্ডের এই ক্যাটাগরির নামেই স্পষ্ট, স্থাপত্যের নকশা ও নির্মাণে পরিবেশগত বিবেচনা, দীর্ঘমেয়াদি কার্যকারিতা এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ‘কনটেক্সচুয়াল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট’ বিভাগে স্বীকৃতি পেয়েছে এমন কিছু প্রকল্প, যেখানে স্থাপত্যের সঙ্গে স্থানীয় প্রেক্ষাপট ও সামাজিক পরিসরের সম্পর্ক বিশেষ গুরুত্ব পেয়েছে। এ বিভাগে ‘মীর মঞ্জিল’ প্রকল্পের জন্য বিজয়ী হয়েছে ইন্ডিজিনিয়াস। ‘চকবাজার পাবলিক স্পেসেস অ্যান্ড পার্ক’ প্রকল্পের জন্য বিজয়ী হয়েছে ফর্ম.থ্রি আর্কিটেক্টস।
এ ছাড়া ‘এআরএ’স অফিস, হাজারীবাগ’ প্রকল্পের জন্য প্রশংসাসূচক স্বীকৃতি পেয়েছে এটেলিয়ার রবিন আর্কিটেক্টস। ‘স্থা-কল্প অফিস’ প্রকল্পের জন্য স্বীকৃতি পেয়েছে স্থা-কাল্প আর্কিটেক্টস। একই বিভাগে ‘আল ফালাহ জামে মসজিদ’ প্রকল্পের জন্য ডিডব্লিউএমফোর আর্কিটেক্টস (DWm4) এবং ‘রাজউক কাঁচাবাজার’ প্রকল্পের জন্য তারিক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড পেয়েছে প্রশংসাসূচক স্বীকৃতি। প্রকল্পগুলোর বিষয়বৈচিত্র্যও লক্ষণীয়। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্থাপনা থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা এবং নগরপরিসর—বিভিন্ন ধরনের নির্মাণ ও নকশার কাজকে একই পুরস্কারের আওতায় নিয়ে এসেছে এই ক্যাটাগরি। বিশেষ করে চকবাজারের মতো ঘনবসতিপূর্ণ ঐতিহাসিক নগর এলাকায় পাবলিক স্পেস ও পার্কের মতো পরিসর নিয়ে কাজের স্বীকৃতি নগরজীবনে উন্মুক্ত স্থানের গুরুত্বকে সামনে নিয়ে আসে।
কেবল প্রকল্প নয়, স্থপতিরাও পৃথকভাবে স্বীকৃতি পেলেন
একটি স্থাপত্যকর্মের পেছনে থাকে দীর্ঘ পরিকল্পনা, গবেষণা, নকশা ও বাস্তবায়নের প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় স্থপতির ব্যক্তিগত অবদানও গুরুত্বপূর্ণ। প্রকল্পভিত্তিক পুরস্কারের পাশাপাশি স্থপতিদের স্বতন্ত্র অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগও ছিল ডেল্টা অ্যাওয়ার্ডে। এ বছর ‘ডেল্টা আর্কিটেক্ট অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছেন স্থপতি মো. দিদারুল ইসলাম ভূঁইয়া। অন্যদিকে, বাংলাদেশের স্থাপত্য অঙ্গনে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ডেল্টা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে প্রয়াত বরেণ্য স্থপতি রাজিউল আহসান খন্দকারকে।
গবেষণাকর্মকেও সম্মান জানানো হলো
স্থাপত্যের বিকাশ কেবল নির্মিত প্রকল্পের মধ্য দিয়ে ঘটে না; এর সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, তত্ত্ব, গবেষণা, সমালোচনা ও প্রকাশনা। স্থাপত্যবিষয়ক জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ডেল্টা অ্যাওয়ার্ডে রাখা হয়েছে ‘ডেল্টা আর্কিটেকচারাল স্কলার অ্যাওয়ার্ড’ ক্যাটাগরি।
এ বিভাগে বিজয়ী হয়েছেন স্থপতি ড. আদনান জিল্লুর মোরশেদ। দেশের বরেণ্য স্থপতি শামসুল ওয়ারেসের স্থাপত্যচর্চা নিয়ে আদনানের সম্পাদনায় প্রকাশিত গ্রন্থ ‘Shamsul Wares: An Architecture of Elemental Modernism’-এর জন্য এ স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া ‘OLD BUT NEW : NEW BUT OLD’ গ্রন্থের জন্য স্থপতি ড. মাহবুবুর রহমান এবং ‘Disaster Resilient Modular CORE Shelters of Ethnic Communities in the Chittagong Hill Tracts Area’ গ্রন্থের জন্য স্থপতি ড. ক্যাথরিন ডেইজি গোমেস পেয়েছেন প্রশংসাসূচক স্বীকৃতি। এই বিভাগের বিচারকাজ পরিচালনা করেছেন তিন সদস্যের পৃথক জুরি বোর্ড। এতে ছিলেন স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি ড. শেখ সিরাজুল হাকিম এবং স্থপতি আইদা হাসান।
স্থাপত্যের বৃহত্তর সংলাপ
ডেল্টা অ্যাওয়ার্ডের আয়োজন এখানেই শেষ নয়। পুরস্কার প্রদানকে কেন্দ্র করে শুরু হওয়া এই উদ্যোগের ধারাবাহিকতায় ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন স্থপতি তাহমিদা আফরোজ। তিন দিনের এই উৎসবে অংশ নিচ্ছেন স্থপতি, ডেভেলপার, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, শিল্প খাতের প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও শিক্ষার্থীরা। আয়োজনের সূচিতে রয়েছে বিশেষায়িত মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ডেল্টা অ্যাওয়ার্ড বিজয়ী ও সম্মাননাপ্রাপ্তদের নির্বাচিত প্রকল্পের উপস্থাপনা।
এর আগে গত ১৬ জুলাই, ঢাকায় এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। সেদিন ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’-এর উদ্বোধন করা হয়। বাংলাদেশের নির্মিত পরিবেশে উদ্ভাবন, টেকসই নকশা ও সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে নেওয়া হয় এই উদ্যোগ। স্থাপত্য প্রকল্প, পেশাগত নেতৃত্ব, উদীয়মান স্থপতি এবং স্থাপত্যবিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় অবদানকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা থেকেই পুরস্কারের বিভিন্ন বিভাগ নির্ধারণ করা হয়। দেশের যেকোনো প্রান্তের যোগ্য স্থাপত্য প্রকল্প ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিনা নিবন্ধন ফিতে এতে অংশ নেওয়ার সুযোগ পান। অনলাইনে মনোনয়ন ও প্রকল্প জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৬ আগস্ট।
আর্কিকানেক্ট (ARCHICONNECT) এবং কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল) যৌথভাবে আয়োজন করছে ডেল্টা অ্যাওয়ার্ড ও সংশ্লিষ্ট উৎসব। এ আয়োজনের হোস্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে ‘৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’। কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
