জোট সরকার নিয়ে নেতানিয়াহুর দলের সঙ্গে প্রাথমিক বৈঠক বাতিল করেছে ইয়াশার

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২১:৪৭

জোট গঠনের আলোচনায় বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে নির্ধারিত প্রাথমিক বৈঠক বাতিল করেছে গাদি আইজেনকটের দল ‘ইয়াশার’। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পার্লামেন্টে (নেসেট) নেতানিয়াহুর ‘বিভাজনমূলক’ ভাষণের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির বিবৃতিতে বলা হয়েছে, সরকার গঠনের জন্য ইয়াশার যে চারটি নীতি ঠিক করেছে, তার ভিত্তিতে নেসেটের সব দলের প্রতি ইয়াশার আন্তরিক ও সত্যিকারের আলোচনার আহ্বান জানিয়েছিল। এরই অংশ হিসেবে আইজেনকটের দল ও লিকুদ পার্টির মধ্যে আলোচনা বৈঠকের সময় ঠিক হয়েছিল বৃহস্পতিবার।

বিবৃতিতে বলা হয়, বিদায়ী প্রধানমন্ত্রীর বিভাজনমূলক ভাষণ ও নেসেটের শপথ অনুষ্ঠানে তার লজ্জাজনক আচরণের কারণে ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকট বৃহস্পতিবার লিকুদ পার্টির প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত আলোচনা বৈঠক বাতিলের নির্দেশ দিয়েছেন।

জাতীয় সরকারের চাপ দিচ্ছেন নেতানিয়াহু 

সোমবার নেতানিয়াহু বিরোধী নেতাদের একটি ঐক্যবদ্ধ সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার ওই বক্তব্যের পর আলোচনা ভেঙে যাওয়ার খবর এসেছে।

মঙ্গলবার নেসেটে নেতানিয়াহুর ভাষণকে আইজেনকট ‘উদ্ভট, বিভাজনমূলক, বিদ্বেষপূর্ণ ও লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। ভাষণে নেতানিয়াহু ইরানের পারমাণবিক হুমকির মুখে জাতীয় ঐক্যের সরকারের জন্য চাপ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সেই হুমকি ধ্বংস করতেই হবে।

ইয়াশারের বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু আলোচনার পথে না গিয়ে ইসরায়েলি নাগরিকদের বিভক্ত করার পথকেই বেছে নিচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিদায়ী প্রধানমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি নাগরিকদের ওপর আক্রমণ করেছেন। যাদের আরও প্রমাণ দরকার ছিল, তাদের জন্য এটি আরেকটি দুঃখজনক ঘটনা যে নেতানিয়াহু ঐক্য চান না। ইসরায়েলি সমাজে যখন সহনশীলতার ওপর জোর দেওয়া হচ্ছে, তখন নেতানিয়াহু নিজের রাজনৈতিক জীবন টিকিয়ে রাখার পথ বেছে নিয়েছেন। নেতানিয়াহু সব সময় নিজেকেই বেছে নেবেন। যেকোনো মূল্যে।’

নেতানিয়াহুর দাবি, ইয়াশার পার্টি আরবদের সঙ্গে জোট করছে। আর ঐক্য আলোচনা বাতিল করছে তারা।

লিকুদ পার্টির দাবি, নেতানিয়াহু জাতীয় ঐক্য অর্জনে ‘সম্ভাব্য সব চেষ্টা করবেন’ এবং ‘ঐক্য চায়, এমন যেকোনো দলের প্রতিনিধিদের সঙ্গে লিকুদ বসতে রাজি।’

বৈঠক বাতিলের ঘোষণার জবাবে লিকুদ পার্টি এটিকে ‘হেঁয়ালিপূর্ণ’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী দলগুলো লিকুদের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে। অথচ আরব দলগুলোর সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে। লিকুদের দাবি, নেসেটের শপথ অনুষ্ঠানের পরপরই ওই আরব দলগুলো জাতীয় সংগীতের সময় ওয়াকআউট করেছিল।

 

ইত্তেফাক/এসএইচ