‘সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন’—জামায়াত আমিরকে সায়েরের প্রশ্ন

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২২:৪২

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও প্রধান বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা সৃষ্টি হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই বারিধারায় এক বিদেশি কূটনীতিকের আবরণে থাকা ব্যক্তির সঙ্গে জামায়াত শীর্ষ নেতাদের কথিত গোপন বৈঠক এবং নাটকীয়ভাবে গাড়ি বদলের ঘটনা প্রকাশ্যে এনে জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্নবাণ ছুড়েছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীতে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের ধারাবাহিক গোপন বৈঠকের সঙ্গে সাম্প্রতিক উসকানির কোনো যোগসূত্র আছে কি না, তা জনগণ জানতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ক্ষোভ প্রকাশ করে তিনি জানতে চান—সেই দলটি আসলে কারা? জামায়াত আমির বলেন, ‘আমরা কোনো এজেন্সির সঙ্গে বসব কেন? আমরা একটি রাজনৈতিক দল; আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে। আমাদের এজেন্সির সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না।’

উল্টো সরকারি দলের দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, ‘বরঞ্চ আমাদের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এমনকি এজেন্সির দেশে গিয়ে তাদের সামনে অতীতের ভুল পররাষ্ট্রনীতির জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই তাদের জন্য উত্তম হবে।’

সংসদে জামায়াত আমিরের এমন বক্তব্যের কয়েক ঘণ্টার ব্যবধানে রাত ৮টা ১০ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে একটি চাঞ্চল্যকর পোস্ট দেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। জামায়াত আমিরকে ‘স্মৃতিশক্তির পরীক্ষা’ দেওয়ার আহ্বান জানিয়ে সায়ের সরাসরি তারিখ ও সময়ের উল্লেখ করে লেখেন—‘১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার), দুপুর ১১টা ৫০ থেকে ১২টা ৫০—সেক্রেটারি জেনারেল পরওয়ার আর সহকারী সেক্রেটারি জেনারেল মাসুম সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন?’

ওই ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন তুলে সায়ের আরও উল্লেখ করেন, ‘ভদ্রলোকের ভিজিটিং কার্ডে যদিও লেখা “কূটনীতিক”, তবে কার্ডের নিচে আসলে কী লেখা, সেটা আপনার চেয়ে ভালো আর কে জানে!’

বৈঠকে যাওয়ার পেছনের নাটকীয়তা নিয়ে কটাক্ষ করে তিনি লেখেন, ‘হঠাৎ গাড়ি বদলের শখ জাগল কেন? বাশার সাহেবের গাড়ি থেকে নেমে সোজা উবার চালক বাবুল সাহেবের গাড়িতে! গাড়ির তেল ফুরিয়েছিল নাকি গ্যাস, নাকি এসি নষ্ট হয়েছিল? কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মানুষ ফুল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। গাড়ি বদলে বদলে যায়—এমনটা তো সাধারণত সিনেমায় দেখি, তাও গোয়েন্দা সিনেমায় বা পরকীয়া বিষয়ক ঘটনায়।’

সবশেষে রসিকতা করে তিনি জানতে চান, সেই উবার চালককে অন্তত ‘ফাইভ স্টার রেটিং’ দেওয়া হয়েছিল কি না।

সংসদে সরকারি দল ও বিরোধী দলের বাদানুবাদের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক জুলকারনাইন সায়েরের এমন পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

ইত্তেফাক/এনএন