সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২৩:৪৩

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি ও দুটি দা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন ভারতের নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা দেড়টার দিকে সীমান্তের ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এস পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করেন ওই দুই যুবক। তারা বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি করে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মুঠোফোন পাওয়া যায়। আটকের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এসজেএস