ইসলামে দান-সদকাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। তবে এই ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে সম্পদের উৎসও গুরুত্বপূর্ণ। উপার্জিত অর্থ হালাল না হলে তা দিয়ে দান করলেও আল্লাহর সন্তুষ্টি বা সওয়াব অর্জন সম্ভব নয় বলে ইসলামি শরিয়তে উল্লেখ রয়েছে। হারাম অর্থ দান করার পরিণতি এবং এ ধরনের সম্পদ থেকে মুক্ত হওয়ার বিষয়ে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
হারাম উপার্জনের অর্থ দিয়ে দান-সদকা করলে তা আল্লাহর দরবারে কবুল হয় না। এমনকি ওই অর্থ আত্মীয়স্বজনের পেছনে ব্যয় করলেও তা পাপের দায় থেকে মুক্তি দেয় না। এ প্রসঙ্গে হাদিসে বলা হয়েছে,
مَنْ كَسَبَ مَالًا مِنْ حَرَامٍ فَأَعْتَقَ مِنْهُ وَوَصَلَ رَحِمَهُ كَانَ ذَلِكَ إِصْرًا عَلَيْهِ
অর্থাৎ, ‘যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করবে তারপর ওই সম্পদ দিয়ে দান করে বা আত্মীয়দের হক আদায় করে, তা তার পাপ গণ্য হয়।’ (আল-মু'জামুল আওসাত, তাবারানি ৯৩৭৫)
শুধু দান-সদকা নয়, হারাম খাদ্য ও উপার্জন মানুষের অন্যান্য ইবাদত এবং দোয়া কবুলের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করে। মানুষের জীবনে হালাল আহার ও পবিত্রতার গুরুত্ব তুলে ধরে রাসুলুল্লাহ (সা.) নবিগণ ও মুমিনদের প্রতি নির্দেশমূলক আয়াত তিলাওয়াত করেন,
يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
‘হে রাসুলগণ! আপনারা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করুন এবং সৎকাজ করুন। আপনারা যা করেন সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত।’ (সুরা আল-মুমিনুন: আয়াত ৫১)
একইভাবে মুমিনদেরও হালাল ও পবিত্র রিজিক গ্রহণের নির্দেশ দিয়েছেন আল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ
‘হে মুমিনগণ! আমি তোমাদের যে রিজিক দান করেছি, তা থেকে পবিত্র বস্তু আহার কর।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৭২)
হারাম উপার্জনের কারণে দোয়া কবুল না হওয়ার বিষয়টি একটি হাদিসে আরও স্পষ্টভাবে উঠে এসেছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে দীর্ঘ সফর করে, যার মাথার চুল আলুথালু ও শরীর ধূলিমলিন। সে তার দুই হাত আকাশের দিকে প্রসারিত করে বলে, ‘হে আমার রব! হে আমার রব!’ অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় পোশাক হারাম এবং হারাম খেয়েই তার শরীর গঠিত হয়েছে। সুতরাং তার দোয়া কীভাবে কবুল হতে পারে?’ (মুসলিম ১০১৫)
হারাম সম্পদ থেকে মুক্ত হওয়ার উপায়
কেউ অতীতে হারাম উপায়ে অর্থ উপার্জন করে থাকলে অনুতপ্ত হয়ে তা থেকে মুক্ত হওয়ার জন্য ইসলামি শরিয়তে কয়েকটি করণীয় রয়েছে।
প্রথমত, হারাম উপার্জনের পথ অবিলম্বে পরিত্যাগ করে আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। দ্বিতীয়ত, অন্যের সম্পদ আত্মসাৎ কিংবা কারও অধিকার নষ্ট করার মাধ্যমে অর্থ অর্জিত হলে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। প্রয়োজনে ক্ষতিপূরণও দিতে হবে।
অন্যদিকে, কোনো হারাম অর্থের প্রকৃত মালিক বা পাওনাদারকে খুঁজে পাওয়া সম্ভব না হলে তা দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করে দিতে হবে। তবে এ ক্ষেত্রে সাধারণ দান-সদকার মতো সওয়াবের নিয়ত করা যাবে না; বরং অবৈধ সম্পদের দায় থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে তা করতে হবে।
এভাবে হারাম সম্পদ থেকে মুক্ত হওয়ার পর ব্যক্তি প্রচলিত দান-সদকার সওয়াব না পেলেও আন্তরিক তওবা ও সংশোধনের মাধ্যমে আল্লাহর ক্ষমা লাভের আশা করতে পারেন।
ইসলামের দৃষ্টিতে ইবাদতের পাশাপাশি উপার্জনের পবিত্রতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হারাম অর্থ দিয়ে দান কিংবা জনকল্যাণমূলক কাজে অংশ নিলেই অবৈধ উপার্জনের দায় থেকে মুক্তি পাওয়া যায় না। তাই ইবাদত কবুল হওয়া এবং পরকালীন জবাবদিহি থেকে বাঁচতে হালাল উপায়ে জীবিকা অর্জন ও হারাম সম্পদ পরিহার করা প্রত্যেক মুমিনের দায়িত্ব।
