ট্রাফিক ইন্সপেক্টরের স্ত্রীর নামে ৫ কোটি টাকার সম্পদ, তুহিন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭

পুলিশের চাকরি করে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে সাবেক ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তুহিন লস্করের বিরুদ্ধে। শুধু নিজের নামেই নয়, গৃহিণী স্ত্রীর নামেও গড়েছেন বিপুল সম্পদ। তাঁদের দুজনের বিরুদ্ধে মোট ৭ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়।

দুদকের অনুসন্ধানে তুহিন লস্করের নামে ২ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকার এবং তার স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে ৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার ১৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদকের নথি অনুযায়ী, তাদের নামে ঢাকার মিরপুরে ফ্ল্যাট, খুলনায় বহুতল ভবন, ফরিদপুরে একাধিক ফ্ল্যাট এবং গোপালগঞ্জে পাঁচতলা ভবনসহ বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের সন্ধান মিলেছে। এর মধ্যে গোপালগঞ্জের খাটরা মৌজায় স্ত্রীর নামে ২ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলা ভবন এবং খুলনার খালিশপুরে ১ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি বহুতল ভবন রয়েছে।

দুদকের অভিযোগ, ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগে কর্মরত থাকাকালে তুহিন লস্কর ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করতেন। এসব অবৈধ আয়ের মাধ্যমে তিনি ও তার স্ত্রী বিপুল সম্পদের মালিক হয়েছেন।

দুদকের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাস জানান, আদালতের মাধ্যমে তাদের নামে থাকা স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। অনুসন্ধানে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি রংপুর জেলা পুলিশে কর্মরত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তুহিন লস্কর বলেন, ‘মামলার বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে এসব বিষয়ে পরে কথা বলব।’

ইত্তেফাক/এএইচপি