জম্মু ও কাশ্মীরে দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১১:০৩

জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকায় টহল দেওয়ার সময় নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তার (এসপিও) গুলিবিদ্ধ মরদেহ ধেরনা পোস্ট থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিখোঁজ হওয়ার বার্তা প্রচারের পর থেকে গত কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালানো একটি দল আজ সকালে ধেরনা টপ এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে। নিহত দুই এসপিও হলেন চল্লিশ বছর বয়সী রশপাল কুমার এবং চুয়ান্ন বছর বয়সী ববি চাঁদ।

উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দায়িত্বরত দুই সহকর্মীকে অব্যাহতি দিতে ধেরনা পোস্টের দিকে যাওয়ার পথে ওই এলাকায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের ওপর গুলিবর্ষণ করে।

হত্যাকাণ্ডের পর নিহতদের সঙ্গে থাকা ইনসাস এবং পয়েন্ট থ্রি নট থ্রি রাইফেলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ত্রাসীরা তাঁদের হত্যার পর অস্ত্রগুলো লুট করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, ওই দুই কর্মকর্তা সেনাবাহিনীর সঙ্গে টহল দায়িত্বে ছিলেন এবং ধেরনা পোস্টে যাওয়ার পথে নিখোঁজ হন। সূত্র জানিয়েছে, দিনের বেলায় ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল এবং শুরুতে তাঁদের মোবাইল ফোনে সংযোগ পাওয়া গেলেও পরে দুটি ফোনই বন্ধ পাওয়া যাওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়।

এই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

কিশ্তওয়ারের দুর্গম ও বনাঞ্চলীয় এলাকায় লুকিয়ে থাকা অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে। ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযানে বেশ কয়েকজন সক্রিয় সন্ত্রাসী নিহত হওয়ায় জেলাটিতে তাদের উপস্থিতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর কিশ্তওয়ারের ওয়ানিপোরা ত্রিগাম এলাকায় নিজ বাসভবনের কাছ থেকে পঞ্চান্ন বছর বয়সী বশির আহমেদ নামে আরেক এসপিও-র মরদেহ উদ্ধার করা হয়েছিল। পেডিল পুলিশ পোস্টে কর্মরত আহমেদ দায়িত্ব শেষে তাঁর সার্ভিস রাইফেল ও ম্যাগাজিনসহ বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিলেন এবং পুলিশি তদন্তে বেরিয়ে আসে যে জমি সংক্রান্ত বিরোধের জেরে আত্মীয়রাই তাঁকে হত্যা করেছিল।

সূত্র: এনডিটিভি

ইত্তেফাক/টিএইচ