‘আগামী ১০ বছরের মধ্যেই ক্যানসার-অ্যালঝাইমার অতীত হয়ে যেতে পারে’

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৪:৫৩

ক্যানসার, আলঝেইমার, হৃদরোগ ও মানসিক রোগের মতো জটিল রোগ আগামী এক দশকেরও কম সময়ে অতীত হয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সম্প্রতি তার এমন মন্তব্য ঘিরে প্রযুক্তি ও চিকিৎসা গবেষণার জগতে আলোচনা শুরু হয়েছে। 

আমোদেইয়ের ধারণা, এআইয়ের সাহায্যে জীববিজ্ঞান নিয়ে গবেষণা, নতুন ওষুধ তৈরি এবং রোগের চিকিৎসাপদ্ধতি আবিষ্কারের কাজ অনেক দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। তবে তার এই আশাবাদী পূর্বাভাসকে নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে দেখছেন না বিশেষজ্ঞদের সবাই। তাদের একাংশের মতে, বর্তমান এআই প্রযুক্তির এখনও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।

এক দশকের মধ্যেই বদলে যেতে পারে চিকিৎসাবিজ্ঞান?

আমোদেইয়ের বক্তব্য অনুযায়ী, আগামী ১০ বছরেরও কম সময়ের মধ্যে ক্যানসার, অ্যালঝাইমার, হৃদরোগ এবং মানসিক রোগের মতো জটিল অসুস্থতাগুলো অতীতের বিষয় হয়ে উঠতে পারে। অর্থাৎ এসব রোগের চিকিৎসায় এমন অগ্রগতি সম্ভব, যা বর্তমানে কল্পনার মতো মনে হচ্ছে। 

তার মতে, এআই কেবল তথ্য বিশ্লেষণ বা প্রশ্নের উত্তর দেওয়ার প্রযুক্তি নয়। সঠিকভাবে কাজে লাগানো গেলে এটি জীববিজ্ঞানের জটিল প্রক্রিয়া বুঝতে, রোগের কারণ শনাক্ত করতে এবং নতুন ওষুধ তৈরির গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে যে গবেষণায় আগে দীর্ঘ সময় লাগত, এআইয়ের সহায়তায় তা তুলনামূলক কম সময়ে এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে।

ক্যানসার ও অ্যালঝাইমারের মতো রোগের ক্ষেত্রে এই সম্ভাবনা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এসব রোগের পেছনে জটিল জৈবিক প্রক্রিয়া কাজ করে। রোগের ধরন ও রোগীভেদে চিকিৎসার ফলও ভিন্ন হতে পারে। তাই নতুন চিকিৎসা আবিষ্কারে বিপুল তথ্য বিশ্লেষণ এবং দীর্ঘ গবেষণার প্রয়োজন হয়।

শুধু আমোদেই নন, এআই প্রযুক্তির অন্য শীর্ষ ব্যক্তিরাও এমন আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক এবং গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিস।

হাসাবিসের ধারণা, এআইয়ের সাহায্যে ওষুধ আবিষ্কারের এক দশকের গবেষণা মাত্র কয়েক সপ্তাহে সম্পন্ন করা সম্ভব হতে পারে। এমনকি আগামী এক দশকের মধ্যে সব ধরনের রোগের চিকিৎসা আবিষ্কার বা রোগের অবসান ঘটানোর সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

এক্ষেত্রে তিনি গুগলের এআইভিত্তিক প্রকল্প ‘আলফাফোল্ড’-এর সাফল্যের উদাহরণ দিয়েছেন। এ প্রযুক্তির মাধ্যমে ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করা হয়েছে, যা জীববৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত।

তবে আলফাফোল্ডের এ সাফল্যকে ক্যানসার, আলঝেইমার বা অন্যান্য জটিল রোগের চিকিৎসা আগামী এক দশকের মধ্যে আবিষ্কারের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

অন্যদিকে, এআইয়ের অগ্রগতির ফলে বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে বলে দাবি করেছেন ইলন মাস্ক।

তবে ওষুধ আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত বিজ্ঞানী ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসব পূর্বাভাসের সময়সীমা নিয়ে একমত নন।

ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এ ধরনের সময়সীমাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।

তিনি জানান, তাদের প্রতিষ্ঠান ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণের কাজে প্রায় ৫০টি এআই প্রতিষ্ঠানের প্রযুক্তি পরীক্ষা করেছে। কিন্তু কোনো প্রতিষ্ঠানই নিজে থেকে কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি।

ওষুধশিল্পের বিশেষজ্ঞরা জানান, এআইয়ের মাধ্যমে ওষুধ তৈরির প্রাথমিক পর্যায়ে সম্ভাবনাময় অণু বা যৌগ শনাক্ত করার কাজ দ্রুত করা সম্ভব হলেও এতে ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং প্রাণী ও মানুষের ওপর পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

একটি ওষুধ তৈরির পুরো প্রক্রিয়ায় এসব পরীক্ষা-নিরীক্ষাই সবচেয়ে বেশি সময় নেয়। সাধারণত একটি ওষুধ বাজারে আনতে ১০ থেকে ১২ বছর পর্যন্ত সময় লাগে।

কম্পিউটারে কোনো অণুকে সম্ভাবনাময় মনে হওয়া মানেই সেটি কার্যকর ওষুধ হয়ে যাবে, এমন নয়। প্রথমে পরীক্ষাগারে, পরে প্রাণীর শরীরে এবং সবশেষে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এর নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে হয়। এআই সম্ভাবনাময় চিকিৎসা খুঁজে বের করার গতি বাড়াতে পারে, কিন্তু এসব ধাপ পুরোপুরি বাদ দিতে পারে না।

তবে কি সত্যিই বিদায় নেবে ক্যানসার ও অ্যালঝাইমার?

এআই নিয়ে এমন আশাবাদ থাকলেও বিশেষজ্ঞদের একাংশ সতর্ক করছেন। তাদের ধারণা, বর্তমান এআই মডেলগুলো এখনো জীববিজ্ঞানের সব জটিলতা নির্ভুলভাবে বুঝতে পারে না। কোনো গবেষণায় সম্ভাবনাময় ফল পাওয়া গেলেও সেটি বাস্তবে কার্যকর ও নিরাপদ চিকিৎসায় পরিণত করতে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

বিশেষ করে ক্যানসার একক কোনো রোগ নয়; এর রয়েছে বহু ধরন। একইভাবে অ্যালঝাইমারের কারণ ও অগ্রগতির প্রক্রিয়াও জটিল। ফলে আগামী এক দশকে এসব রোগের চিকিৎসায় বড় অগ্রগতি আসতে পারে এমন আশা করা গেলেও সব ধরনের ক্যানসার বা অ্যালঝাইমার সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে, এমন নিশ্চয়তা এখনই দেওয়া যায় না।

এআই চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা তৈরি করছে। গবেষণার গতি বাড়ানো থেকে শুরু করে নতুন ওষুধের সন্ধান বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব এরই মধ্যে দেখা যাচ্ছে। তবে ডারিও আমোদেইয়ের বক্তব্যকে আপাতত একটি আশাবাদী ভবিষ্যদ্বাণী হিসেবেই দেখা উচিত। আগামী ১০ বছরে সেই সম্ভাবনা কতটা বাস্তবে রূপ নেয়, তা নির্ভর করবে গবেষণার অগ্রগতি, ক্লিনিক্যাল পরীক্ষা এবং চিকিৎসাবিজ্ঞানের নতুন আবিষ্কারের ওপর।

ইত্তেফাক/এনটিএম