সাফ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন বড় জয়ের পর দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। চোটের কারণে চলমান সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় এই ডিফেন্ডারকে।
পরীক্ষায় সাদের গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার লাগবে কি না, সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে দলসূত্রে জানা গেছে, সাফে আর খেলা হচ্ছে না তার।
ম্যাচ শেষে সাদের চোট নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন কোচ ডুলি। আশঙ্কা করেছিলেন, এই টুর্নামেন্টে আর তাঁকে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত কোচের সেই আশঙ্কাই সত্যি হলো।
