গাইবান্ধায় মহাসড়কে ভূমি অধিগ্রহণে সাড়ে পাঁচ কোটি টাকার দুর্নীতি, তদন্তে কমিটি গঠন 

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৫:৫৫

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৭ নভেম্বর গাইবান্ধা সার্কিট হাউজে তদন্ত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুল ইসলাম। 

অধিগ্রহণ করা জমি পুনরায় অধিগ্রহণ দেখিয়ে মুনছুর আলী নামে এক ব্যক্তিকে ৫ কোটি ৫৬ লাখ ৪৩২ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এ নিয়ে গত ২০ অক্টোবর গণমাধ্যমে খবর প্রচার হয়। 

স্থানীয় ও সংশ্লিষ্ট নথি সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী মৌজার রাব্বীর মোড় এলাকায় ২০১৯-২০ অর্থবছরে ৮৩১ দাগের সাড়ে ১০ শতক জমি অধিগ্রহণ করা হয়। এর বিপরীতে ক্ষতিপূরণের অর্থ পান মুনছুর আলী। তবে অভিযোগকারীদের দাবি, ওই দাগের জমির একটি অংশ ১৯৫৭-৫৮ সালেই অধিগ্রহণ করা হয়েছিল। ফলে মুনছুর আলীর নামে পুনরায় ক্ষতিপূরণ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। 

স্থানীয় ওষুধ ব্যবসায়ী রেজাউল করিমের অভিযোগ, তার মা রেখা বেগমসহ কয়েকজন ২০১৫ সালের ১৬ এপ্রিল ২৪৫৩ নম্বর দলিলে আট শতক জমি কেনেন। ওই জমির একটি অংশ মহাসড়কের জন্য অধিগ্রহণের সীমানার মধ্যে পড়লেও তারা যথাযথ ক্ষতিপূরণ পাননি। পরে আপত্তি জানালে তাকে মাত্র দশমিক ৪০ শতক জমির ক্ষতিপূরণ দেওয়ার আদেশ হয়। তার দাবি, প্রাপ্য জমির তুলনায় তাকে কম ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। 

রেজাউল করিমের দাবি, জমির নথি অনুযায়ী মুনছুর আলীর বাবা মোফাজ্জল হোসেনের মালিকানাধীন জমির একটি অংশ আগেই অধিগ্রহণ করা হয়েছিল। ১৯৫৭-৫৮ সালে ১/৬৯/১৯৫৭/৫৮ নম্বর এলএ মামলায় ৩২ শতক জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ৮৩১ দাগ থেকে ২০ শতক এবং ৮৪২ দাগ থেকে ১২ শতক জমি নেওয়া হয়েছিল। 

অভিযোগ অনুযায়ী, অধিগ্রহণের পর মোফাজ্জল হোসেনের নামে ১৯৬২ সালের জরিপে ওই জমিসহ পুনরায় রেকর্ড হয়। পরবর্তী সময়ে তিনি স্ত্রী ও মেয়েদের ৫২ শতক জমি দান করেন এবং দুই ছেলে মোকছেদ ও মুনছুর আলীকে ৭০ শতক জমি দলিল করে দেন।

রেজাউল করিমের হিসাব অনুযায়ী, ৩২ শতক অধিগ্রহণ এবং ৫২ শতক দানের পর মোফাজ্জলের অবশিষ্ট থাকার কথা ৪৩ শতক। সে হিসাবে দুই ছেলের প্রত্যেকের প্রাপ্য ২১ দশমিক ৫০ শতক। মুনছুর আলী তার প্রাপ্য জমির মধ্যে ১৬ শতক বিক্রি করেছেন এবং প্রায় ছয় শতক জমিতে বাড়ি করে বসবাস করছেন। ফলে তার নামে নতুন করে সাড়ে ১০ শতক জমির ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে প্রশ্ন তোলেন রেজাউল করিম।

এদিকে, ক্ষতিপূরণের অর্থ পরিশোধ স্থগিত রাখার অনুরোধ জানিয়ে ২০২৫ সালের ১৬ এপ্রিল গাইবান্ধার জেলা প্রশাসককে চিঠি দিয়েছিলেন সাসেক সড়ক সংযোগ-২ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আখতার।

চিঠিতে বলা হয়েছিল, নুনিয়াগাড়ী মৌজার আরএস ২৫ খতিয়ানের ৭৯ ও ৮০ দাগের মোট ১ একর ২৭ শতক জমির মধ্যে ১৯৫৭-৫৮ সালের এলএ মামলায় ৩২ শতক অধিগ্রহণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর। পরবর্তী সময়ে বিআরএস জরিপে ৭৯ দাগটি ৮৩১ এবং ৮০ দাগটি ৮৪২ দাগে।

ইত্তেফাক/আরএইচ