ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ভেকিনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুমন (৩৪), মো. শাহিন হাসান শুভ (২৬), সাইদুর রহমান (৪৫), বাদল মিয়া (৪১), ইমরান (২৬), ইয়াসিন (১৮), মারুফ (২০), ইয়াসিন (২০), মো. মাহাবুব সরকার(২২), মহিবুল্লাহ(১৯), ইমন(১৯), মো. হাসান(২১), মো. সারমিন শাহ (৩২), শামীম (২২), ছোটন (২১), মামুনুর রহমান (৫০)। তারা সবাই হোমনা উপজেলার বাসিন্দা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা রোধে পুলিশের বিশেষ টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছে। বৃহস্পতিবার সকালে দুটি মাইক্রোবাসে করে এসে ওই নেতাকর্মীরা পুটিয়া এলাকায় ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ ১৬ জনকে আটক করলেও অপর গাড়িটি পালিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম বলেন, নাশকতা রোধে পুলিশ টহল অবস্থায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৬জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা শেষে বিকেলে আদালতে পাঠানো হবে।
