ছাত্রদল-জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারে’ হত্যা: আবুল হাসানাতসহ চারজনের মামলায় যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৭:০৩

বরিশালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহসহ চারজন আসামি।

আগামী ৭ ডিসেম্বর মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।  

এদিন মামলার ২৩ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া তদন্ত কর্মকর্তা মো. মোকতাদির হোসেনকে জেরা করেন পলাতক দুই আসামির রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তার জেরার মধ্য দিয়েই এ মামলার সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হল। 

এ সময় আদালতে প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ান উপস্থিত ছিলেন।

মামলার চার আসামির মধ্যে বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ এবং বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসান উল্লাহ পলাতক রয়েছেন।

আর উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

‘ক্রসফায়ারে’ হত্যার শিকার দুজন হলেন-আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক ‘প্রতিদ্বন্দ্বী’ হওয়ায় আবুল হাসানাত আব্দুল্লাহ ‘ক্ষমতার অপব্যবহার করে টিপু ও কবিরকে সরিয়ে দেওয়ার’ পরিকল্পনা করেন এবং তার নির্দেশে তৎকালীন এসপি এহসান উল্লাহ তা বাস্তবায়ন করেন।

২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি মিথ্যা মামলায় টিপু ও কবিরকে গ্রেপ্তার করে উজিরপুর থানা পুলিশ। পরে এএসআই মাহাবুল ও জসিমকে দিয়ে গৌরনদী-গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে ‘ক্রসফায়ারের নাটক’ সাজিয়ে তাদের হত্যা করা হয়।

এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, গাড়ি পোড়ানোর মামলায় টিপু ও কবিরকে গ্রেপ্তার করে প্রথমে ঢাকায় আনা হয়। সেখান থেকে ‘ক্রসফায়ারের’ উদ্দেশ্যে বরিশালে নেওয়া হয় এবং রাত ২টার দিকে আগৈলঝাড়ার ভোদাল নামক স্থানে নিয়ে তাদের হত্যা করা হয়।

ঘটনা ধামাচাপা দিতে পুলিশ নিজেরাই থানায় জিডি ও ময়নাতদন্ত করিয়েছিল তুলে ধরে তিনি বলেন, “পোস্টমর্টেম রিপোর্টেও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কথা আছে। পুলিশের রেখে যাওয়া এই নথিপত্রই এখন তাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদিও তৎকালীন পুলিশের দাবি ছিল, পিকআপ ভ্যানে পেট্রোলবোমা হামলা মামলার আসামি হিসেবে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।”

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। তদন্ত শেষে ওই বছরের ২০ ডিসেম্বর পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয় সংস্থাটি।

চলতি বছরের ১৫ জানুয়ারি চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। নির্দিষ্ট সময়ে আত্মসমর্পণ না করায় ২৫ মার্চ হাসানাত আব্দুল্লাহকে আনুষ্ঠানিকভাবে ‘পলাতক’ ঘোষণা করা হয়।

১ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ২০ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-২।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের নভেম্বরে হাসানাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। তার আরেক ছেলে ও ভাই খোকন সেরনিয়াবাত আত্মগোপনে রয়েছেন।

এছাড়া গত বছর অক্টোবরে হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নভেম্বরে তার বিরুদ্ধে বরিশালে বিএনপির সভায় হামলার অভিযোগেও মামলা হয়েছে।

ইত্তেফাক/আরএইচ