দেশে বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি : সংসদে শিল্পমন্ত্রী

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২০:১৬

দেশজুড়ে বর্তমানে ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকা ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে এ তথ্য জানান শিল্পমন্ত্রী।

অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের পরিকল্পনা কী।

জবাবে শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী ও শিল্পপার্ক প্রতিষ্ঠা করে। এসব এলাকায় বেসরকারি উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তোলেন। তবে বিসিক শিল্পনগরীর বাইরের কারখানাগুলো এর আওতাভুক্ত নয়। এ কারণে ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে থাকা সব কারখানার সঠিক পরিসংখ্যান বিসিকের কাছে নেই।

মন্ত্রী আরও জানান, সারা দেশে বিসিকের প্রতিষ্ঠিত ৮৪টি শিল্পনগরীতে ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লট রয়েছে। এসব প্লটে বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে মোট ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৮১টি কারখানা বন্ধ রয়েছে। বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।

শ্যামপুর শিল্পাঞ্চল প্রসঙ্গে মন্ত্রী জানান, সেখানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তথা শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন দুটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠান দুটি বন্ধ রয়েছে।

 
ইত্তেফাক/এসএ